সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ফায়ারিং প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার দেন
সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ফায়ারিং প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার দেন

সেনাবাহিনীর ফায়ারিং প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত

বাংলাদেশ সেনাবাহিনীর ফায়ারিং প্রতিযোগিতা ২০২৬–এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ বৃহস্পতিবার কুমিল্লা সেনানিবাসে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

সেনাপ্রধান তাঁর বক্তব্যে একজন সেনাসদস্যের পেশাগত উৎকর্ষ অর্জনে ফায়ারিংয়ে দক্ষতা অত্যন্ত জরুরি বলে উল্লেখ করেন। তিনি বলেন, এটি সেনাসদস্যদের মৌলিক প্রশিক্ষণের অবিচ্ছেদ্য অংশ। প্রতিবছর সেনাবাহিনীর এই ফায়ারিং প্রতিযোগিতা সেনাসদস্যদের কাঙ্ক্ষিত মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে তিনি মত প্রকাশ করেন।

বাংলাদেশ সেনাবাহিনীর ফায়ারিং প্রতিযোগিতায় ১৭ পদাতিক ডিভিশন চ্যাম্পিয়ন ও প্যারা কমান্ডো ব্রিগেড রানারআপ হয়। প্রতিযোগিতায় সৈনিক পিয়াল মন্ডল, ১৭ পদাতিক ডিভিশন শ্রেষ্ঠ ফায়ারার; সৈনিক তানভীর হোসেন, ১০ পদাতিক ডিভিশন দ্বিতীয় শ্রেষ্ঠ ফায়ারার এবং সৈনিক জবা আক্তার, ২৪ পদাতিক ডিভিশন শ্রেষ্ঠ নারী ফায়ারার হওয়ার কৃতিত্ব অর্জন করেন।

১৬ মে সদর দপ্তর ৩৩ পদাতিক ডিভিশনের সার্বিক ব্যবস্থাপনায় পরিচালিত এই ফায়ারিং প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর সব ফরমেশন, পণ্য স্থানান্তর এলাকা, ৫টি স্বতন্ত্র ব্রিগেড, প্যারা কমান্ডো ব্রিগেডসহ মোট ১৭টি দল অংশ নেয়।

অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর মাস্টার জেনারেল অব দ্য অর্ডন্যান্স (এমজিও) কমান্ড্যান্ট, বাংলাদেশ অর্ডন্যান্স ফ্যাক্টরি জেনারেল অফিসার কমান্ডিং, ৩৩ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, কুমিল্লা এরিয়া জেনারেল অফিসার কমান্ডিং, ১৭ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, সিলেট এরিয়া সেনাসদর ও ফরমেশনসমূহের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন পর্যায়ের সদস্য ও বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।