আকিজবশির গ্রুপ ও ইএসডিওর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

আকিজবশির গ্রুপ ও ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের মধ্যে সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তার
ছবি: আকিজবশির গ্রুপের সৌজন্যে

দেশের অন্যতম শীর্ষ শিল্পগোষ্ঠী আকিজবশির গ্রুপ এবং বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ইএসডিও) মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

গত মঙ্গলবার ঢাকায় এক অনুষ্ঠানে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এর ফলে ইএসডিওর অনুমোদিত সদস্যরা আকিজবশির গ্রুপের বিভিন্ন প্রিমিয়াম নির্মাণসামগ্রীতে বিশেষ মূল্যছাড় ও সেবাসুবিধা উপভোগ করতে পারবেন।

আকিজবশির গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ খোরশেদ আলম এবং ইএসডিওর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক শাহিদ উজ জামান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চুক্তির আওতায় আকিজবশির গ্রুপের দেশব্যাপী বিস্তৃত ফ্ল্যাগশিপ শোরুম প্ল্যাটফর্ম ‘সিলেকশনস’–এর মাধ্যমে সদস্যরা আন্তর্জাতিক মানের টাইলস, স্যানিটারিওয়্যার, ফসেট, বোর্ড, দরজা ও গ্লাস বিশেষ মূল্যে ক্রয়ের সুযোগ পাবেন।

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, এই উদ্যোগের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে মানসম্মত নির্মাণসামগ্রী আরও সহজলভ্য হবে। একই সঙ্গে প্রাতিষ্ঠানিক সহযোগিতা বৃদ্ধি এবং উন্নয়নমূলক কার্যক্রমে পারস্পরিক অংশীদারত্ব আরও শক্তিশালী হবে বলেও তারা আশা প্রকাশ করেন।

দেশের সুপরিচিত ও বিশ্বস্ত ব্র্যান্ড আকিজ সিরামিকস, রোসা, আকিজ বোর্ড, আকিজ ডোর এবং আকিজবশির গ্লাসের পণ্য ক্রয়ে এ বিশেষ মূল্য প্রযোজ্য হবে। পাশাপাশি তারা দ্রুত অর্ডার প্রসেসিং, অগ্রাধিকারভিত্তিক সেবা এবং প্রয়োজন অনুযায়ী কাস্টমাইজড সুবিধাও পাবেন।