সব রকম পাঠকে জমে মেলা

যেকোনো আনন্দই রঙিন। গতকাল বৃহস্পতিবার বিকেলে মেলায় এসেছিলেন মোহিনী আক্তার। মানুষটি দৃষ্টিহীন আর চলাচলেও স্বাবলম্বী নন। মেলার মাঠে ঘুরছিলেন হুইলচেয়ারে। ব্রেইল পদ্ধতিতে পড়েই এসএসসিতে জিপিএ–৫ পেয়েছেন মোহিনী। বইমেলা যে শুধু তাঁর ভালো লাগে তা–ই নয়, একটা দাবিও আছে। প্রতিবছর দৃষ্টিহীন মানুষের জন্য বই প্রকাশ করে স্পর্শ। মোহিনী বলছিলেন, এ উদ্যোগ বড় প্রকাশনীগুলোরও থাকা উচিত। পাঠকের দাবি, প্রত্যাশা, অভিযোগ সবকিছু মিলেমিশে গেছে মেলার মাঠে।

তবে বই কেমন বিক্রি হচ্ছে, তা নিয়ে রয়েছে ভিন্ন ভিন্ন মত। অনেক লেখক, প্রকাশক এখনো উপস্থিত হননি মেলার বৈঠকিতে। তাঁরা আসবেন আরও কয়েক দিন পর থেকে। গতকাল বিকেলে মেলার মাঠে দাঁড়িয়ে বই বিক্রি নিয়ে যথেষ্ট আশার কথা বললেন সাহিত্যিক ও মনোরোগ চিকিৎসক মোহিত কামাল। তাঁর মতে, পড়ুয়ারা বই পড়বেই। মেলায় অনেক মানুষ কিন্তু ঠাসাঠাসি নেই বলে আয়োজন নিয়ে তিনি সন্তুষ্ট। গতকাল মেলায় এসেছে আরও ১২৩টি নতুন বই।

মেলার বয়স এক সপ্তাহের বেশি, তবু অনুপস্থিত দেখে যোগাযোগ করা হলো কয়েকজন লেখক–প্রকাশকের সঙ্গে। লেখক আফসানা বেগম, ফয়জুল ইসলামসহ কয়েকজন জানালেন, তাঁরা আসবেন ১৫ তারিখের পর। কথাপ্রকাশের স্বত্বাধিকারী জসিমউদ্দিন বললেন, তাঁর প্রকাশনীর সব বই প্রকাশের পর একবারে আসবেন মেলায়। বই মোটেও প্রত্যাশা অনুযায়ী বিক্রি হচ্ছে না বলে মুঠোফোনে জানালেন তিনি। তবে তাঁরা এখনো অনুপস্থিত থাকলেও অনেক প্রবাসী লেখক ঠিকই প্রাণের টানে ছুটে এসেছেন মেলায়। চার দশকের বেশি সময় ধরে লেখালেখি করেন কবি ফেরদৌস নাহার। তিনি বসেছিলেন চন্দ্রবিন্দু স্টলে হ্যাংওভার সন্ধ্যার ডানা নামে প্রকাশিত তাঁর নিজের নতুন বইটি নিয়ে। মেলা শেষে আবার ফিরে যাবেন টরন্টোতে।

চন্দ্রবিন্দু স্টল থেকে মেলার মূল জমজমাট জায়গার দিকে এগোলে প্রথমার প্যাভিলিয়ন। সেখানে পাওয়া গেল সিলেট থেকে বই কিনতে আসা পাঠক সুব্রত দেবনাথকে। মুর্তজা বশীরের লেখা পিতা-পুত্রের চিঠি বইটি তখন তাঁর হাতে। পাশে দাঁড়ানো আর দুজন বইপ্রেমী তখন উল্টেপাল্টে পরীক্ষা করছেন ইসমাইল আরমানের লেখা উপন্যাস নিশিপতঙ্গ এবং আবদুস শাকুর খন্দকারের লেখা প্রাক্‌ ইসলামি আরবদের ইতিহাস বই দুটো।

প্রথমা ছেড়ে আরেকটু এগোলে অবসরের প্যাভিলিয়নে নতুন বই তুলছিলেন কর্মীরা। প্রদর্শনীর টেবিলে কয়েক কপি রাখা আছে গোলাম মুরশিদের লেখা মাইকেলের জীবন ও পত্রাবলী বইটি। কর্মীরা জানালেন, বইটির খবর নিচ্ছেন অনেক পাঠক। কাছেই জলধি প্রকাশনায় তখন ইফ্‌ফাত আরা দেওয়ানের লেখা অচেনা কুসুমের গন্ধে বইয়ের পাতা থেকে আসছে অতীত স্মৃতির ঘ্রাণ। এ বইয়ের পাতায় পাতায় সংগীতশিল্পীর নিভৃত অনুভবের গল্প লেখা আছে। ঐতিহ্য থেকে প্রকাশিত সত্যেন সেনের গ্রাম বাংলার পথে পথে বইটিতে পাওয়া যাবে মাটির ঘ্রাণ আর একই প্রকাশনী থেকে প্রকাশিত স্নিগ্ধা রেজওয়ানের লেখা নারীসত্তার অন্বেষণের প্রতি বেশি আগ্রহ নারী পাঠকদের।

সোহরাওয়ার্দী উদ্যানের পেছন দিকে বাতিঘরের স্টলের সামনে তখন আড্ডা চলছে চিকিৎসকদের। তাঁদের কেউ লেখক, কেউ পাঠক। ধানমন্ডি থেকে আসা চিকিৎসক এহ্সামুল আজিম আর তাঁর স্ত্রী সুরমা জাহান যে পড়ুয়া, বোঝা গেল হাতে লেখা বইয়ের তালিকা দেখে। সেখানে ১২টি বইয়ের নাম। জানালেন, এমন আরও অনেক তালিকা মাসজুড়েই হবে। পাশে দাঁড়ানো লেখক, চিকিৎসক তানজিনা হোসেন বললেন পাঠকের সঙ্গে লেখকের সম্পর্কের এক রঙিন গল্প।

এক পাঠক স্টলে এসে তাঁর লেখা বই খুঁজছিলেন। বললেন, অচেনা পাঠকের মুখে নিজের বইয়ের নাম শোনার আনন্দটা লেখকের এক বড় প্রাপ্তি।

তবে গতকালের মেলাকে আরও রঙিন করেছিল এক রকম পোশাক পরে আসা ৭০ শিশু–কিশোর। রাজধানীর ডেমরার সারুলিয়া থেকে এসেছে ওরা। ডগাইর ইসলামিয়া মাদ্রাসার এই ছাত্রদের মেলা দেখাতে নিয়ে এসেছিলেন প্রতিষ্ঠানের বয়োজ্যেষ্ঠরা। শিশুরা দল বেঁধে ঘুরে ঘুরে দেখছিল সব দোকানের বই। মাঘের শেষকালের সন্ধ্যায় মেলার রংটা আরও সুন্দর হলো সব রকম বই পছন্দের মানুষের উপস্থিতিতে।