মীরজাদী সেব্রিনা সুস্থ, দেশে ফিরছেন কাল

মীরজাদী সেব্রিনা
ফাইল ছবি

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মীরজাদী সেব্রিনা সুস্থ হয়েছেন। সিঙ্গাপুরে চিকিৎসা শেষে আগামীকাল বৃহস্পতিবার তিনি দেশে ফিরবেন। মীরজাদী সেব্রিনার পরিবারের পক্ষ থেকে এ কথা প্রথম আলোকে জানানো হয়েছে।

আগস্ট মাসের শুরুতে গুরুতর অসুস্থ হলে মীরজাদী সেব্রিনাকে রাজধানীর একটি বড় হাসপাতালে ভর্তি করা হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য তাঁকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। ওই হাসপাতালে পাঁচবার নেক্রোসেক্টোমি করা হয়ছিল। তাঁকে দীর্ঘদিন ভেন্টিলেটরে রাখা হয়েছিল।

জনস্বাস্থ্যের বিষয়গুলো সহজবোধ্য ও স্পষ্ট করে ব্যাখ্যা করার ক্ষেত্রে মীরজাদী সেব্রিনার সুনাম রয়েছে। মহামারির শুরুর দিকে তিনি ছিলেন রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক। তিনি সেই সময় প্রতিদিন ঠিক দুপুর ১২টায় মহামারির সর্বশেষ পরিস্থিতি ও করণীয় বিষয়ে জানাতে গণমাধ্যমের সামনে হাজির হতেন। নির্দিষ্ট সময়ে উপস্থিতি ও স্পষ্ট বক্তব্যের কারণে মীরজাদী সেব্রিনা জনপ্রিয় হয়ে ওঠেন।

মীরজাদী সেব্রিনার পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, তিনি সুস্থ হয়েই দেশে ফিরছেন। তবে দেশে ফিরেই তিনি কাজে যোগ দেবেন না। বাড়িতেই থাকবেন। কিছুদিন চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকার পর তিনি অফিস করবেন। জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে না হলেও দ্বিতীয় সপ্তাহে তিনি কাজ শুরু করবেন।

মহাপরিচালক পদ নিয়ে আলোচনা

এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলমের বর্ধিত চাকরির মেয়াদও শেষ হচ্ছে ৩১ ডিসেম্বর। নতুন মহাপরিচালক কে হতে যাচ্ছেন, তা নিয়ে চিকিৎসকমহলে আগ্রহ আছে। তবে আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলমের মেয়াদ আরও এক দফা বাড়তে পারে, এমন কথাও শোনা যাচ্ছে।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের পদে এ পর্যন্ত কোনো নারী কর্মকর্তাকে দেখা যায়নি। মীরজাদী সেব্রিনা অতিরিক্ত মহাপরিচালক হওয়ার পর অনেকেই ধারণা করেছিলেন যে পদোন্নতি পেয়ে সেব্রিনার ওই পদে যাওয়ার সম্ভাবনা প্রবল। অধিদপ্তরের অন্য অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) আহমেদুল কবীরেরও মহাপরিচালকের পদে যাওয়ার সম্ভাবনা আছে। এ ছাড়া বেশ কয়েকজন জ্যেষ্ঠ পরিচালক ও সরকারি মেডিকেল কলেজের অধ্যক্ষ এই পদের জন্য উপযুক্ত।