বিদেশি সাক্ষী আনতে অনুমতির আদেশ বাতিল চেয়ে হাইকোর্টে খালেদা জিয়ার আবেদন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া
ফাইল ছবি

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা নাইকো দুর্নীতি মামলায় বিদেশি সাক্ষী আনতে অনুমতির আদেশ বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থার (এফবিআই) এক কর্মকর্তা ও কানাডার রয়্যাল মাউন্টেড পুলিশের দুই কর্মকর্তাকে সাক্ষ্য দেওয়ার অনুমতি দিয়ে বিচারিক আদালতের দেওয়া ওই আদেশ বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করা হয় বলে জানিয়েছেন তাঁর (খালেদা) আইনজীবী।

এদিকে ওই মামলায় বিচারিক আদালতে নথি দেখে বাদীপক্ষের (দুদক) সাক্ষ্য নেওয়ার বৈধতা নিয়ে খালেদা জিয়ার করা অপর আবেদনের ওপর ১৭ অক্টোবর শুনানির জন্য দিন রেখেছেন হাইকোর্ট। খালেদা জিয়ার আইনজীবীর সময়ের আরজির পরিপ্রেক্ষিতে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বুধবার শুনানির এ দিন ধার্য করেন।

আদালতে খালেদা জিয়ার পক্ষে আইনজীবী কায়সার কামাল ও এ কে এম এহসানুর রহমান এবং দুদকের পক্ষে আইনজীবী খুরশীদ আলম খান উপস্থিত ছিলেন।

অন্যদিকে নাইকো দুর্নীতি মামলায় যুক্তরাষ্ট্র ও কানাডার তিন কর্মকর্তাকে সাক্ষ্য দেওয়ার অনুমতি চেয়ে করা আবেদন মঞ্জুর করে গত ১৭ সেপ্টেম্বর বিচারিক আদালত আদেশ দেন। ওই আদেশ বাতিল চেয়ে হাইকোর্টে আবেদনটি করা হয়েছে বলে জানান খালেদা জিয়ার অন্যতম আইনজীবী কায়সার কামাল। তিনি প্রথম আলোকে বলেন, হাইকোর্টে শিগগিরই আবেদনটি শুনানির চেষ্টা থাকবে।

কানাডার কোম্পানি নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের বিপুল আর্থিক ক্ষতিসাধন ও দুর্নীতির অভিযোগে ২০০৭ সালের ৯ ডিসেম্বর খালেদা জিয়াসহ পাঁচজনের বিরুদ্ধে মামলাটি করে দুদক। দুদকের তৎকালীন সহকারী পরিচালক মুহাম্মদ মাহবুবুল আলম বাদী হয়ে রাজধানীর তেজগাঁও থানায় মামলা করেন। ২০০৮ সালের ৫ মে এই মামলায় খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় দুদক।

মামলায় অভিযোগ করা হয়, ক্ষমতার অপব্যবহার করে তিনটি গ্যাসক্ষেত্র পরিত্যক্ত দেখিয়ে নাইকোর হাতে তুলে দেওয়ার মাধ্যমে আসামিরা রাষ্ট্রের প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকার ক্ষতি করেছেন। নাইকো দুর্নীতি মামলায় গত ১৯ মার্চ অভিযোগ গঠন করেন আদালত।

খালেদা জিয়া এরই মধ্যে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় দণ্ডিত হয়েছেন। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় তাঁর পাঁচ বছরের কারাদণ্ড হয়। একই বছরের ২৯ অক্টোবর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় তাঁকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়। দুই মামলায় দণ্ডিত হয়ে তিনি ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে প্রায় ২ বছর কারাগারে ছিলেন।

খালেদা জিয়ার দণ্ড স্থগিত করে দুটি শর্তে সরকারের নির্বাহী আদেশে তাঁকে মুক্তি দেওয়া হয় ২০২০ সালের ২৫ মার্চে। তখন করোনা মহামারির মধ্যে তাঁর পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁকে ছয় মাসের জন্য মুক্তি দেওয়া হয়। এর পর থেকে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ছয় মাস অন্তর তাঁর মুক্তির মেয়াদ বাড়ানো হচ্ছে।