দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত) নতুন করে ৪৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময় ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি। আজ স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন ভর্তি হওয়া ব্যক্তিদের মধ্যে ঢাকার হাসপাতালগুলোয় ভর্তি হয়েছেন ২৭ জন ও ঢাকার বাইরে ২২ জন।
এ নিয়ে চলতি বছর হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি হলেন ৬২ হাজার ২১ জন। তাঁদের মধ্যে ঢাকায় ভর্তি হয়েছেন ৩৯ হাজার ৫৬ জন এবং ঢাকার বাইরে ২২ হাজার ৯৬৫ জন।
বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৪৮৫ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। তাঁদের মধ্যে ঢাকার ৫৩টি সরকারি-বেসরকারি হাসপাতালে ২৭১ জন আর অন্যান্য বিভাগে হাসপাতালে ২১৪ জন।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ২৭৬ জন। তাঁদের মধ্যে ঢাকায় মারা গেছেন ১৭১ জন এবং ঢাকার বাইরে অন্যান্য জেলায় ১০৫ জন।
চলতি মাসে এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ২০ জনের, আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪ হাজার ৫২৫ জন। ২০০০ সালের পর থেকে প্রতিবছর বহু মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন এবং এতে মৃত্যু হচ্ছে। গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৮ হাজার ৪২৯ জন হাসপাতালে ভর্তি হন। তাঁদের মধ্যে ১০৫ জনের মৃত্যু হয়েছিল।