
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ বলেছেন, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নেই। কিছু মানুষ আছে, যাদের অবয়বে বাঙালি মনে হলেও তারা বাঙালি নয়। তাদের নিয়েই আমাদের চলতে হচ্ছে। তারা ভেতর থেকে ঘুণপোকার মতো আমাদের খেয়ে দেওয়ার চেষ্টা করে।
এ প্রসঙ্গে আলোচনায় যুক্তরাষ্ট্রকে নিয়ে আইজিপি বলেন, ‘আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের শাসনামল দেখেছি, তারা কতটা জাতীয়তাবাদী। তারা ককটেল জাতি।’
সোমবার বিকেলে রাজারবাগ পুলিশ লাইনসে বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে পুলিশপ্রধান বেনজীর আহমেদ এসব কথা বলেন। বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর এ কুইজ প্রতিযোগিতার আয়োজন করে। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আইজিপি।
অনুষ্ঠানে মুখ্য আলোচকের বক্তব্যে অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট আওয়ামী লীগের কী ভূমিকা ছিল, সেটা জানতে চান। তিনি বলেন, ‘ওই সময় আওয়ামী লীগ কী করেছিল? আওয়ামী লীগের কে বা কারা এই ষড়যন্ত্রের সঙ্গে সম্পৃক্ত ছিল, সেটাও জানতে চাই। সত্য কথা বলতে কী—আওয়ামী লীগের লোকজন কিছুই জানেন না। তাঁরা বায়বীয় কথাবার্তা বলেন। তাঁরা তথ্য তুলে ধরতে পারেন না।’
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে র্যাবের মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন।