আজ রোববার বেলা সোয়া ১টা থেকে দুইটার মধ্যে শিল্পকলা একাডেমির সামনের সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
আজ রোববার বেলা সোয়া ১টা থেকে দুইটার মধ্যে শিল্পকলা একাডেমির সামনের সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণ, পল্লবীতে বাসে আগুন

রাজধানীর শিল্পকলা একাডেমির সামনের সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ রোববার বেলা সোয়া একটা থেকে দুইটার মধ্যে এ ঘটনা ঘটে।

রমনা বিভাগের সহকারী কমিশনার (এসি) মো. মাজহারুল ইসলাম প্রথম আলোকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো জানা যায়নি।

এর আগে সকাল সাড়ে সাতটার দিকে রাজধানীর পল্লবী এলাকায় সিরামিক রোডে সরকারি কলেজের পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান বাসির প্রথম আলোকে বলেন, সকালে বৃষ্টির মধ্যে সরকারি কলেজের পাশে পার্কিং করে রাখা পরিস্থান পরিবহনের একটি বাসে আগুন লাগে। পরে স্থানীয় লোকজন আগুন নেভান। আগুনে বাসের সিটগুলো পুড়ে গেছে। তিনি বলেন, এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

গতকাল শনিবারও সন্ধ্যা থেকে রাত ৯টা পর্যন্ত রাজধানীর ৩টি জায়গায় বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। আর যাত্রাবাড়ী চৌরাস্তা ও শহীদ ফারুক সরণি এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটে। এতে এক অটোরিকশাচালক আহত হয়েছেন। আর ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে থানার সামনে জব্দ করা একটি পিকআপে আগুন দেয় দুর্বৃত্তরা।

এর আগে গত শুক্রবার দুপুর থেকে গভীর রাত পর্যন্ত রাজধানীর অন্তত ৯টি জায়গায় ১৩টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। কাফরুল থানার সামনে একটি ফাঁকা বাসেও আগুন দেয় দুর্বৃত্তরা। এসব ঘটনায় বিভিন্ন থানায় মামলা হলেও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

এর পরপরই গতকাল রাজধানীজুড়ে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেয় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্ট, উড়ালসড়ক ও প্রবেশপথগুলোতে দুই শতাধিক চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। বাড়ানো হয়েছে পুলিশি টহল ও নজরদারি।

গতকাল ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিরাপত্তা জোরদারের এ তথ্য জানিয়ে বলা হয়, আইনশৃঙ্খলা রক্ষায় এই তল্লাশি কার্যক্রম চলমান থাকবে। এ ক্ষেত্রে নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা চেয়েছে তারা।

রাজধানী বিভিন্ন এলাকায় তল্লাশি

রাজধানীর বিভিন্ন এলাকায় বাসে আগুন ও ককটেল বিস্ফোরণের জেরে তল্লাশি জোরদার করেছে পুলিশ। ঢাকায় ঢোকা ও বের হওয়ার পথসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ২০০টির বেশি তল্লাশিচৌকি বসানো হয়েছে। পুলিশ বলছে, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শীর্ষ পর্যায় থেকে তল্লাশি জোরদারের জন্য থানা–পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে। কাউকে সন্দেহজনক মনে হলে তল্লাশি করা হচ্ছে। মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনেও তল্লাশি চলছে।

খোঁজ নিয়ে জানা গেছে, আজ দুপুরে রাজধানীর মিরপুর, দোলাইরপাড়, গুলশান, রামপুরাসহ গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানে তল্লাশিচৌকিতে বিভিন্ন মানুষকে তল্লাশি করতে দেখা গেছে। ডিএমপি গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপকমিশনার নিয়াজ মেহেদী প্রথম আলোকে বলেন, ঢাকায় ২০০টির বেশি তল্লাশিচৌকি বসানো হয়েছে। মোবাইল টিম টহল দিচ্ছে। বাসে আগুন ও ককটেল বিস্ফোরণের সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হচ্ছে।

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৭, মামলা ৫৫

রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৫৫টি মামলা করা হয়েছে।

আজ ডিএমপির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অভিযানকালে ১টি অবিস্ফোরিত ককটেল, ৫০০ গ্রাম গানপাউডার, ৫০০ গ্রাম ঝুট কাপড়, ২৫০ মিলি লিটার পেট্রোল, বিস্ফোরিত ককটেলের ৩৫ গ্রাম পেরেক, টিনের ৭টি টুকরা, ১০ টুকরা স্কচ টেপ, ১০৪টি পেরেক এবং বিস্ফোরিত ককটেলের টিনের ১টি অংশবিশেষ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ৫৪ কেজি ২৪৫ গ্রাম গাঁজা, ৪ হাজার ১১৫টি ইয়াবা বড়ি, ২১ গ্রাম হেরোইন ও ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।

অভিযানে ১টি ব্যক্তিগত গাড়ি, ৩টি চাকু, ১টি চাপাতি, ১টি ছোট কাঁচি, ১টি কাটার, ফয়েল পেপার, গ্যাসলাইটার, ১টি নাইলনের রশি ও ১৪টি মুঠোফোন উদ্ধার করা হয়।

এ ছাড়া ইয়াবা তৈরির ২টি মেশিন, ২ হাজার ৬০০ গ্রাম বিভিন্ন রাসায়নিক, ৪৫৪ গ্রাম বেনেলিয়া পাউডার, ১৩ বোতল রং, ৩৫০টি খালি বোতল, ইয়াবা তৈরির মিশ্রিত উপাদান ১ হাজার ৫০০ গ্রাম এবং ২ জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে।