বিএনপির সংসদ সদস্য মুশফিকুর রহমান ও বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ
বিএনপির সংসদ সদস্য মুশফিকুর রহমান ও বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ

আরও দুটি সংসদীয় স্থায়ী কমিটি গঠন

অর্থের সংসদীয় কমিটির সভাপতি মুশফিক, আইনে পার্থ

মন্ত্রণালয়-সম্পর্কিত আরও দুটি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। বিএনপির সংসদ সদস্য মুশফিকুর রহমানকে সভাপতি করে অর্থ মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি এবং বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে।

আজ রোববার সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুমতিক্রমে তাঁর পক্ষে জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম পৃথকভাবে কমিটি দুটি গঠনের প্রস্তাব করেন। পরে প্রস্তাব দুটি কণ্ঠভোটে পাস হয়। দুটি কমিটিতেই সদস্য হিসেবে বিরোধী দল জামায়াতে ইসলামীর দুজন এবং এনসিপির একজন করে সংসদ সদস্য আছেন। অন্য সদস্যরা ক্ষমতাসীন দল বিএনপির।

এর আগে ১০ জুন পরিকল্পনা মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছিল। এ নিয়ে চলতি সংসদে তিনটি মন্ত্রণালয়–সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হলো।

অর্থের সংসদীয় কমিটিতে যাঁরা

অর্থ মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের সংসদ সদস্য মুশফিকুর রহমানকে।

এই কমিটির সদস্যরা হলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, মো. নূরুল ইসলাম (বরগুনা-২), মীর শাহে আলম (বগুড়া-২), মো. জালাল উদ্দিন (চাঁদপুর-২), মঈনুল ইসলাম খান (মানিকগঞ্জ-২), মো. শাহাদাত হোসেন (লক্ষ্মীপুর-১), জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মো. সাইফুল আলম খান (ঢাকা-১২), সৈয়দ জয়নুল আবদীন (ঢাকা-৪) এবং কুমিল্লা-৪ আসনে এনসিপির সংসদ সদস্য মো. আবুল হাসনাত (হাসনাত আবদুল্লাহ)।

আইনের সংসদীয় কমিটির সদস্য যাঁরা

আইন মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিভ রহমান পার্থকে।

এই কমিটির সদস্যরা হলেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, বিএনপির সংসদ সদস্য মাহবুব উদ্দিন (নোয়াখালী-১), মুহাম্মদ নওশাদ জমির (পঞ্চগড়-১), সংরক্ষিত নারী আসনের সদস্য শাকিলা ফারজানা, মো. মনজুরুল ইসলাম (দিনাজপুর-১), মো. হাসান রাজীব প্রধান (লালমনিরহাট-১), জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মোহাম্মদ নাজিবুর রহমান (পাবনা-১) ও আল ফারুক আবদুল লতিফ (নীলফামারী-২) এবং এনসিপির সংসদ সদস্য আখতার হোসেন (রংপুর-৪)।