ইউআইইউতে শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) ফল-২০২৩-এর শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়
ছবি: সংগৃহীত

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) ফল-২০২৩-এর আন্ডারগ্র্যাজুয়েট ও পোস্ট গ্র্যাজুয়েট শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে রাজধানীতে বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নবীনবরণে বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকস, স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস এবং স্কুল অব লাইফ সায়েন্সেসে সদ্য ভর্তি হওয়া শিক্ষার্থীরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউআইইউ উপাচার্য (ভারপ্রাপ্ত) মো. আবুল কাশেম মিয়া। বক্তৃতায় তিনি শিক্ষার্থীদের ক্লাসে নিয়মিত উপস্থিত থাকা, পড়াশোনায় মনোযোগী হওয়া এবং সফল ও বিশ্বমানের দক্ষ মানব সম্পদ হিসেবে গড়ে ওঠার ক্ষেত্রে নানামুখী দক্ষতা অর্জনের দিকে বিশেষ নজর দেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের ডিন মোহাম্মদ মুসা এবং স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ডিন হাসান সারোয়ার। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. জুলফিকার রহমান বিশ্ববিদ্যালয়ের একাডেমিক নিয়মাবলি তুলে ধরেন।

নবীনবরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট ফর অ্যাডভান্স রিসার্চের (আইএআর) নির্বাহী পরিচালক এম রিজওয়ান খান, পরিচালক (সমন্বয়) এ এস এম সালাহউদ্দিন, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান ও পরিচালকসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা এবং অভিভাবকেরা।