স্থানীয় সরকার বিভাগের মূল্যায়নে নাগরিক সেবায় গত দুই অর্থবছরে পিছিয়েছে চট্টগ্রাম। সর্বশেষ অবস্থান ২০টি সংস্থার মধ্যে ১৮তম।

চট্টগ্রাম সিটি করপোরেশনের দায়িত্ব নেওয়ার প্রথম বছর কোনো রকম পার করেছিলেন মো. রেজাউল করিম চৌধুরী। দ্বিতীয় বছরে এসে মুখোমুখি হতে হয়েছে নানা ঘটনার। আড়াই হাজার কোটি টাকার প্রকল্পের উন্নয়নকাজ ভাগাভাগিতে রাজি না হওয়ায় ঠিকাদারদের হামলার শিকার হয়েছেন প্রকল্প পরিচালক। মশার ওষুধ কেনায় অনিয়ম পেল দুর্নীতি দমন কমিশন (দুদক)। ছিল শ্রমিক-কর্মচারী অসন্তোষ। এসব অনিয়ম-বিশৃঙ্খলার মধ্যে যাওয়া সিটি করপোরেশন নাগরিক সেবায় আরও পিছিয়েছে। এমন পরিস্থিতিতে নির্বাচনী ইশতেহার কাগজেই রয়ে গেছে।
এ অবস্থায় আজ বুধবার মেয়রের দায়িত্ব নেওয়ার দুই বছর পূর্ণ করতে যাচ্ছেন রেজাউল করিম চৌধুরী। ২০২১ সালের ২৭ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে জয়ী হয়েছিলেন নগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম চৌধুরী। ওই বছরের ১৫ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেন তিনি।
প্রথম বছর ব্যর্থ হলেও দ্বিতীয় বছর উন্নতি করা দরকার ছিল। কিন্তু মেয়র সেটি করতে পারেননি। অভ্যন্তরীণ প্রশাসন ঢেলে সাজাতে হবে এবং শৃঙ্খলার মধ্যে আনতে হবে। আর জলাবদ্ধতা নিয়ে সিডিএ বা সিটি করপোরেশন পরস্পরের ওপর দোষারোপ করলে হবে না।অধ্যাপক তোফায়েল আহমেদ, স্থানীয় সরকার বিশেষজ্ঞ
মেয়রের দুই বছরের কর্মকাণ্ড মূল্যায়ন করতে গিয়ে স্থানীয় সরকার বিশেষজ্ঞ ও সুশীল সমাজের প্রতিনিধিরা বলছেন, এই দুই বছরে নগরের উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হয়নি।
তবে মেয়র মো. রেজাউল করিম চৌধুরী দাবি করেছেন, নগরের মূল সড়কগুলো এখন ঠিক আছে। বর্জ্য ব্যবস্থাপনায়ও উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। নগরে শতভাগ আলোকায়নে আনতে কাজ চলছে। আর খাল খননে এবং অবকাঠামোগত উন্নয়নে বড় দুটি প্রকল্পের কাজ চলমান। আগামী বছর দেড়কের মধ্যে চট্টগ্রাম মোটামুটি ভালো একটি অবস্থানে চলে আসবে।
‘চট্টগ্রাম সিটি করপোরেশনের আওতায় বিমানবন্দর সড়কসহ বিভিন্ন সড়ক উন্নয়ন ও গুরুত্বপূর্ণ অবকাঠামোগত উন্নয়ন’ প্রকল্পের পরিচালক মো. গোলাম ইয়াজদানী ৩৭টি লটের (ভাগ) ঠিকাদারি কাজ ভাগাভাগিতে দিতে রাজি হননি। যদিও এই কাজ ভাগাভাগির মাধ্যমে দিয়ে দেওয়ার জন্য চাপ ছিল। কিন্তু তাতে সায় না দেওয়ায় গত ২৯ জানুয়ারি বিকেলে সিটি করপোরেশনের প্রধান কার্যালয়ের চারতলায় প্রকল্প পরিচালকের কক্ষে ঢুকে গোলাম ইয়াজদানীকে মারধর করেন একদল ঠিকাদার।
সিটি করপোরেশনের ইতিহাসে এ ধরনের ঘটনা ঘটেনি বলে জানান কর্মকর্তা-কর্মচারীরা। এখন সিটি করপোরেশনে আসছেন না প্রকল্প পরিচালক। তিনি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর থেকে প্রেষণে সিটি করপোরেশনে এসেছিলেন।
এদিকে চট্টগ্রামের ইতিহাসে এবার সবচেয়ে বেশি ৫ হাজার ৪১১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ৪১ জন। মানুষ ডেঙ্গুতে নাকাল হতে থাকলেও মশকনিধন কার্যক্রম ছিল ঢিমেতালে। এমনকি তড়িঘড়ি করে এক ছাত্রলীগ নেতার কাছ থেকে অনিয়মের মাধ্যমে বারবার ওষুধ কেনে সিটি করপোরেশন। ৯ ফেব্রুয়ারি অভিযান চালিয়ে তার প্রমাণ পায় দুদক।
চাকরি স্থায়ী করার দাবিতে বছরজুড়ে আন্দোলনে ছিলেন অস্থায়ী শ্রমিক-কর্মচারী ও কর্মকর্তারা। আন্দোলনের একপর্যায়ে গত বছরের ৩০ ডিসেম্বর প্রধান নির্বাহী কর্মকর্তার দপ্তর ঘেরাও করা হয়। এ সময় তাঁর সঙ্গে অশালীন আচরণের অভিযোগ ওঠে। এ ছাড়া আঙুলের ছাপ না মেলায় বেতন কাটার প্রতিবাদে ৩ জানুয়ারি সিটি করপোরেশনের প্রধান কার্যালয়ের ফটকে তালা দেন পরিচ্ছন্নতা বিভাগের কর্মীরা।
চট্টগ্রামকে ‘সর্বাধুনিক’ বাসোপযোগী ‘বিশ্বমানের’ উন্নত ও নান্দনিক নগর হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনের আগে ৩৭ দফার ইশতেহার দিয়েছিলেন মো. রেজাউল করিম চৌধুরী। এর মধ্যে অগ্রাধিকারের তালিকায় ছিল আটটি দফা। প্রথমেই ছিল জলাবদ্ধতা নিরসন। এ ছাড়া ছিল যানজট সমস্যা নিরসন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা, চট্টগ্রামকে পর্যটন রাজধানী করা এবং ডিজিটাল গৃহশুমারির মাধ্যমে ‘যৌক্তিক’ গৃহকর নির্ধারণের প্রতিশ্রুতি। বাস্তবতা হচ্ছে, এসব প্রতিশ্রুতি পূরণে গত দুই বছরে বর্তমান মেয়রের দৃশ্যমান কার্যক্রম ছিল না।
জলাবদ্ধতা নিরসনকে প্রধান প্রতিশ্রুতি দিলেও তার দায়িত্ব চাপিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) ঘাড়ে। গত বছরের বর্ষা মৌসুমে ভয়াবহ জলাবদ্ধতার শিকার হয়েছিল মানুষ। কোথাও কোথাও ছয় থেকে সাত দিন পর্যন্ত পানি জমেছিল। এমনকি মেয়রের বাড়িতেও পানি উঠে যায়। মেয়র দাবি করেন, সিডিএর ব্যর্থতার জন্য নগরবাসী কষ্ট পাচ্ছেন। কাজ দ্রুত করতে সিডিএকে তাগাদা দেওয়া হচ্ছে।
ডিজিটাল শুমারির মাধ্যমে গৃহকর নির্ধারণে কথা বললেও বাস্তবে আগের মেয়রের পথেই হেঁটেছেন বর্তমান মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। নগর আওয়ামী লীগের রাজনীতিতে বিপরীত মেরুতে থাকলেও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীনের আমলে নির্ধারণ করা গৃহকর আদায়ের উদ্যোগ নেন রেজাউল করিম চৌধুরী।
মেয়রের দুই বছরের কাজ নিয়ে পরিকল্পিত চট্টগ্রাম ফোরামের সভাপতি প্রবীণ শিক্ষাবিদ মুহাম্মদ সিকান্দার খান প্রথম আলোকে বলেন, বর্তমান মেয়রের আমলে রাস্তাঘাটের তেমন কোনো উন্নতি হয়নি। জলাবদ্ধতার দুর্ভোগ রয়ে গেছে। আলোকব্যবস্থা ও বর্জ্য ব্যবস্থাপনা ঠিকভাবে হচ্ছে না। সব মিলিয়ে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন আসেনি।
নাগরিক সুবিধার উন্নয়ন ও সম্প্রসারণ, নিরাপদ পানি সরবরাহ, পয়োনিষ্কাশন ও বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়ন, দাপ্তরিক কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিসহ সাতটি সূচকে স্থানীয় সরকার বিভাগের মূল্যায়নে গত দুই অর্থবছরে পিছিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন। ২০২০-২১ অর্থবছরে স্থানীয় সরকার বিভাগের ২০টি সংস্থার মধ্যে ১৪তম ছিল চট্টগ্রাম। সর্বশেষ অর্থবছরে (২০২১-২২) আরও চার ধাপ পিছিয়ে যায় চট্টগ্রাম। অর্থাৎ ২০টির মধ্যে ১৮তম হয়।
সার্বিক বিষয়ে স্থানীয় সরকার বিশেষজ্ঞ অধ্যাপক তোফায়েল আহমেদ প্রথম আলোকে বলেন, প্রথম বছর ব্যর্থ হলেও দ্বিতীয় বছর উন্নতি করা দরকার ছিল। কিন্তু মেয়র সেটি করতে পারেননি। অভ্যন্তরীণ প্রশাসন ঢেলে সাজাতে হবে এবং শৃঙ্খলার মধ্যে আনতে হবে। আর জলাবদ্ধতা নিয়ে সিডিএ বা সিটি করপোরেশন পরস্পরের ওপর দোষারোপ করলে হবে না। মানুষ কিন্তু কষ্ট পাচ্ছে। তাই আগামী তিন বছরে নাগরিক সেবার মান বৃদ্ধিতে এখন থেকে পরিকল্পনা করতে হবে।