
চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেছেন, হুমকি দিয়ে, ভয়ভীতি দেখিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত ও বিচার বাধাগ্রস্ত করা যাবে না।
আজ রোববার ট্রাইব্যুনালে নিজ কার্যালয়ে চিফ প্রসিকিউটর এ কথা বলেন।
একজন সাংবাদিক প্রশ্ন করেন, চট্টগ্রামের মামলার সাক্ষীদের আসামিপক্ষ থেকে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ সময় চিফ প্রসিকিউটর বলেন, তাঁর কাছেও অভিযোগ আছে। তিনি সাক্ষীদের নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। কোনো সাক্ষীকে হুমকি দেওয়ার সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এতে বিচারপ্রক্রিয়া ব্যাহত হবে কি না—এমন প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর বলেন, বিচারপ্রক্রিয়া ব্যাহত হবে না। কোনো ভয়ভীতি প্রদর্শন করে, হুমকি দিয়ে এই ট্রাইব্যুনালের কোনো তদন্ত, কোনো বিচার বাধাগ্রস্ত করা যাবে না।