নৌপরিবহন, সড়ক পরিবহন ও রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম
নৌপরিবহন, সড়ক পরিবহন ও রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম

চট্টগ্রাম বন্দর বিদেশি অপারেটরের হাতে দেওয়ার পরিকল্পনা নেই: সংসদে মন্ত্রী

নৌ পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, চট্টগ্রাম বন্দর কোন বিদেশি অপারেটরের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা নেই। পাবলিক পার্টনারশিপ অথোরিটি বা সরকার কর্তৃক জারিকৃত অথবা অনুমোদনকৃত ক্ষেত্রে শুধুমাত্র বন্দরের টার্মিনাল পরিচালনার লক্ষ্যে অপারেটর নিয়োগ করা হয়। এ ক্ষেত্রে দেশি এবং বিদেশি উভয় ধরনের অপারেটর বিবেচনাযোগ্য।

আজ বুধবার জাতীয় সংসদে বিএনপির সংসদ সদস্য শাহাদাত হোসেনের প্রশ্নের জবাবে নৌ-পরিবহন মন্ত্রী এ কথা জানান।

নৌ-পরিবহন মন্ত্রী বলেন, বর্তমানে বন্দরের আধুনিকায়ন এবং দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের অব্যাহত অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে বন্দরের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে দেশ-বিদেশি অপারেটর দ্বারা বন্দরের বিভিন্ন টার্মিনাল পরিচালনা করা হচ্ছে। যেমন- পতেঙ্গা কনটেইনার টার্মিনাল বিদেশি অপারেটর দ্বারা পরিচালনা করা হচ্ছে। কর্ণফুলী নদীর ডান তীরে লালদিয়া চর নামক স্থানে লালদিয়া কন্টেইনার টার্মিনাল নির্মাণ ও পরিচালনার জন্য পিপিপি পদ্ধতিতে ডেনমার্কস্থ মার্কস গ্রুপের সাবসিডিয়ারি প্রতিষ্ঠান এপিএম টার্মিনালস বিভি-এর সঙ্গে চুক্তি স্বাক্ষর হয়েছে।

চট্টগ্রাম বন্দর

নদ-নদীতে ২১ হাজার অবৈধ দখলদার

এনসিপির সংসদ সদস্য আবুল হাসনাতের (হাসনাত আব্দুল্লাহ) প্রশ্নের জবাবে নৌ-পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, হালনাগাদ তালিকা মোতাবেক সারাদেশে নদ-নদীর মোট ২১ হাজার ৯৮২ জন অবৈধ দখলদার রয়েছে। উক্ত তালিকা ওয়েবসাইটে প্রকাশের জন্য এবং নদ-নদীর অবৈধ দখলদার উচ্ছেদের কর্মপরিকল্পনা পাঠানোর জন্য সব জেলা প্রশাসককে অনুরোধ জানানো হয়েছে।

বিএনপির সংসদ সদস্য এ বি এম মোশাররফ হোসেনের প্রশ্নের জবাবে নৌ-পরিবহন মন্ত্রী বলেন, পায়রা সমুদ্রবন্দরকে পূর্ণাঙ্গভাবে চালু করার জন্য বন্দরের জেটি থেকে ঢাকা-কুয়াকাটা রোডের সংযোগ স্থাপনের জন্য আন্ধারমানিক নদীর উপর ৪ লেনের ১ হাজার ১৮০ মিটার দীর্ঘ ব্রিজ এবং ৬ দশমিক ৩৫ কিলোমিটার দৈর্ঘ্যের ৬ লেন বিশিষ্ট টার্মিনাল সংযোগ সড়ক নির্মাণকাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে, যা চলতি বছরের ডিসেম্বর নাগাদ শেষ হবে। এ কাজগুলো শেষ হলে আগামী বছরের প্রথম দিকে হতে বন্দরটি পুরোপুরি চালু হবে আশা করা যাচ্ছে।

তিনি বলেন, ‘রাবনাবাদ চ্যানেলের রক্ষণাবেক্ষণ ড্রেজিং ও ২টি হপার ড্রেজার ক্রয়’ প্রকল্পটি অনুমোদিত হলে ২০২৭-২৮ সাল নাগাদ পায়রা বন্দরে সকল ধরনের জাহাজ আসতে করতে পারবে।

কওমি শিক্ষার মান প্রসঙ্গে

হাসনাত আব্দুল্লাহের প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ বলেন, কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের সনদের মান আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের সনদের মানের সমমনা বিবেচনা করে দাখিল, আলিম, ফাজিল ও কামিলের মতো শিক্ষা মন্ত্রণালয় তথা সরকার কর্তৃক পুনর্নির্ধারিত হলে; অর্থাৎ কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের সনদের মানকে সমমান হিসেবে বিবেচনা করে প্রজ্ঞাপন জারি করা হলে তখন তাদের জন্য সরকারি চাকরি তথা কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্ভব হবে।

বিরোধী দলের সদস্য শেখ মনজুরুল হক রাহাদের প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী বলেন, প্রতিটি মডেল মসজিদের অনুকূলে ১০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিল সরকার পরিশোধ করছে। অতিরিক্ত বিদ্যুৎ বিল পরিশোধ করার জন্য মসজিদ কমিটির উদ্যোগে দান-অনুদান গ্রহণপূর্বক পরিশোধ করা হয়ে থাকে।

সরকারি দলের সদস্য রফিকুল ইসলাম হিলালীর প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী বলেন, প্রাথমিক হিসাব মতে, দেশের ৪ হাজার ৫৭৮ টি ইউনিয়ন ও ৩৩০টি পৌরসভার ৪ হাজার ৯০৮ টি মসজিদের প্রায় ১৪ হাজার ৭২৪ জন ইমাম, মুয়াজ্জিন ও খাদেমকে মাসিক ভাতা প্রদান করা হচ্ছে।

যক্ষ্মা রোগীর সংখ্যার আধিক্যে বাংলাদেশ অন্যতম

বিএনপির সংসদ সদস্য মোহাম্মদ এনামুল হকের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, যক্ষ্মা বাংলাদেশের জন্য একটি অন্যতম মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা। বিশ্বস্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, যক্ষ্মা রোগীর সংখ্যার আধিক্যে বাংলাদেশ অন্যতম। ১৯৯৩ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা যক্ষ্মাকে গ্লোবাল হেলথ ইমার্জেন্সি ঘোষণা করার পর থেকেই বাংলাদেশ সরকার যক্ষ্মার প্রকোপ নিয়ন্ত্রণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দারিদ্র্য, অপুষ্টি, ধূমপান, ডায়াবেটিস, মেলিটাস, অতিরিক্ত জনসংখ্যার ঘনত্ব এবং সচেতনতার অভাবসহ বিভিন্ন কারণে যক্ষ্মা সংক্রমণ বৃদ্ধি পায়।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, যক্ষ্মা রোগের চিকিৎসা সেবা শনাক্তকরণের জন্য প্রয়োজনীয় ঔষধ ও ডায়াগনস্টিক সরঞ্জাম নিশ্চিতকরণের জন্য দাতা সংস্থা গ্লোবাল ফান্ডের অনুদানের পাশাপাশি সরকারি অর্থায়ন বৃদ্ধির ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ লক্ষ্যে ৩ হাজার ১৪২ কোটি টাকার উন্নয়ন প্রকল্প অনুমোদনের প্রক্রিয়ার কার্যক্রম চলমান আছে।

সরকার দলীয় সদস্য লুৎফুর রহমানের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জানান, বর্তমানে দেশের ৩৪ টি জেলায় ৩৭টি সরকারি মেডিকেল কলেজ রয়েছে। বাকি ৩০টি জেলায় কোন সরকারি মেডিকেল কলেজ নাই।

১৯টি তথ্যচিত্রে ব্যয় ৫ কোটি ২৩ লক্ষ টাকা

হাসনাত আব্দুল্লাহের প্রশ্নের জবাবে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের আর্কাইভ তৈরির জন্য জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরকে ৫০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়নি এবং এ সংক্রান্ত কার্যক্রম গ্রহণ করা হয়নি। তবে, জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের জন্য ডকুমেন্টারি নির্মাণের জন্য বরাদ্দকৃত বাজেট হতে সরকারি ক্রয়বিধি অনুসরণপূর্বক ১৯টি তথ্যচিত্র তৈরি করা হয়েছে। এ কাজে ৫ কোটি ২৩ লক্ষ ৭২৩ টাকা ব্যয় হয়েছে।