সংবাদ সম্মেলনে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। প্রধানমন্ত্রীর কার্যালয়; ১৮ জুলাই ২০২৬
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। প্রধানমন্ত্রীর কার্যালয়; ১৮ জুলাই ২০২৬

সরকারের দায়িত্ব গ্রহণের ৫ মাস

আইনশৃঙ্খলা, সামাজিক নিরাপত্তা ও কূটনীতিতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে: মাহদী আমিন

বিএনপি সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথম পাঁচ মাসে দেশের অর্থনীতি, আইনশৃঙ্খলা, সামাজিক নিরাপত্তা, কূটনীতি, প্রশাসনিক সংস্কারসহ বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। জনগণের ভোটে নির্বাচিত সরকার গত ১৫০ দিনে রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা, সুশাসন, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং নির্বাচনী ইশতেহারের বাস্তবায়নকে অগ্রাধিকার দিয়েছে।

বিএনপি সরকারের দায়িত্ব গ্রহণের পাঁচ মাস পূর্তি উপলক্ষে আজ শনিবার প্রধানমন্ত্রী কার্যালয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথাগুলো বলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

সংবাদ সম্মেলনে সরকারের পাঁচ মাসের পাঁচটি বড় অর্জন তুলে ধরেন মাহদী আমিন। এগুলো হলো—জনগণের আস্থা অর্জন, নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, স্বল্প সময়ে নানা সংকট মোকাবিলা, জাতীয় স্বার্থ ও কূটনীতিতে অগ্রগতি এবং প্রধানমন্ত্রীর নেতৃত্বের ধরন।

মাহদী আমিন বলেন, সরকারের অর্থনৈতিক ব্যবস্থাপনায় মূল্যস্ফীতি কমে ৯ দশমিক ১৬ শতাংশে নেমে এসেছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬ দশমিক ৫৮ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভ ৩১ দশমিক ৯৪ বিলিয়ন ডলার, যা আগের তুলনায় ১ দশমিক ৮৮ বিলিয়ন ডলার বেশি।

গত মার্চে রেকর্ড ৩ দশমিক ৭৫ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা। তিনি বলেন, ফেব্রুয়ারি থেকে জুন পর্যন্ত রপ্তানি হয়েছে ২০ দশমিক শূন্য ৫ বিলিয়ন ডলার। জুন মাসে রপ্তানি আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ২৬ শতাংশ বেড়েছে। এ ছাড়া ২০২৬–২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। তাঁর দাবি, বাজেট ঘোষণার পর এবার নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়েনি।

সংবাদ সম্মেলনে বলা হয়, রাজধানীর পল্লবীতে এক শিশুকে ধর্ষণ ও হত্যার মামলায় রায় ১৯ দিনে এবং মেহেরপুরের এক শিশুকে ধর্ষণের মামলায় রায় ২৯ কার্যদিবসে হয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় এক মাসে ১০টি রায় ঘোষণা করা হয়েছে।

মাহদী আমিন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত ও দীর্ঘ ৪৫ বছর পলাতক মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। বহুল আলোচিত তনু (সোহাগী জাহান তনু) হত্যা মামলার আসামি এবং শরিফ ওসমান হাদি হত্যা মামলার আসামিকে বিদেশ থেকে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। সাবেক পুলিশপ্রধান বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়াও চলমান বলে তিনি জানান।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র বলেন, সংসদের প্রথম ২৫ কার্যদিবসে ৯৪টি বিল পাস হয়েছে। অন্তর্বর্তী সরকারের সময় জারি করা অধ্যাদেশগুলোকে আইনে রূপ দেওয়া হয়েছে। সন্ত্রাসবিরোধী আইন সংশোধন, জুলাই যোদ্ধাদের দায়মুক্তি আইন এবং নতুন জুয়া প্রতিরোধ আইনও পাস হয়েছে বলে জানান তিনি।

জনকল্যাণে নানা উদ্যোগ

সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে বিভিন্ন সামাজিক কর্মসূচির কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। তিনি বলেন, সরকার গঠনের এক সপ্তাহের মধ্যে ১২ লাখ ক্ষুদ্র কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করা হয়েছে।

৫৫ লাখ পরিবারকে ১৫ টাকা কেজি দরে চাল দেওয়া হচ্ছে উল্লেখ করে মাহদী আমিন বলেন, স্নাতক পর্যন্ত ছাত্রীদের শিক্ষা বিনা খরচে দেওয়ার ঘোষণা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের জন্য বিনা মূল্যে স্কুলড্রেস ও পাটের ব্যাগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

পথশিশুদের পুনর্বাসনে ৪২০ কোটি টাকার প্রকল্প, নারী, কৃষক, ক্রীড়াবিদ ও প্রবাসীদের জন্য পৃথক কার্ড এবং ভবিষ্যতে একটি সমন্বিত ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র।

মাহদী আমিন বলেন, সরকারি হাসপাতালে বিনা মূল্যে ডেঙ্গু পরীক্ষা, এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ, উপজেলা হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করা, প্রতিটি ইউনিয়নে প্রাথমিক স্বাস্থ্যসেবা ইউনিট গঠন এবং গ্রামীণ স্বাস্থ্যসেবা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।

মাহদী আমিন দাবি করেন, বৈশ্বিক জ্বালানিসংকটের মধ্যেও দেশে জ্বালানির সরবরাহ স্বাভাবিক রাখা হয়েছে। রমজান ও ঈদে বাজার নিয়ন্ত্রণ, শ্রমিকদের বেতন-বোনাস নিশ্চিতকরণ এবং কোরবানির ঈদে ভারতীয় গরুর অবৈধ প্রবেশ বন্ধ করে খামারিদের ন্যায্যমূল্য নিশ্চিত করা হয়েছে।

প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, শেখ হাসিনা, তাঁর পরিবারের সদস্য এবং ১০টি শিল্পগোষ্ঠীর দেশে-বিদেশে মোট ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ করা হয়েছে। পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে ১০টি দেশের সঙ্গে চুক্তি সম্পন্ন বা চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

এ ছাড়া ব্যাংক খাত পুনঃমূলধনীকরণে ৪০ হাজার কোটি টাকার বিশেষ তহবিল, বন্ধ শিল্পকারখানা চালুর উদ্যোগ এবং আমিনবাজারে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প বাস্তবায়নের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এই মুখপাত্র।

সংবাদ সম্মেলনে বলা হয়, প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান মালয়েশিয়া ও চীন সফর করেছেন। মালয়েশিয়ার সঙ্গে ৩৩ দফার যৌথ বিবৃতি ঘোষণা হয়েছে এবং চীনের সঙ্গে ১৭টি সমঝোতা স্মারক সই হয়েছে।

মাহদী আমিনের দাবি, বাংলাদেশে পর্যায়ক্রমে ৯ দশমিক ২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব এসেছে। তিস্তা মহাপরিকল্পনা, আনোয়ারা শিল্পাঞ্চল, মোংলা অর্থনৈতিক অঞ্চল এবং চীন-মিয়ানমার-বাংলাদেশ অর্থনৈতিক করিডর নিয়ে কাজ এগোচ্ছে।

এ ছাড়া ভারতের ভিসা সেবা আবার চালু, পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ ঘোষণা পুনর্বহাল, জাপানের নারিতা রুটে বিমান চলাচল আবার শুরু এবং জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর নির্বাচিত হওয়ার বিষয়ও তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে।

মাহদী আমিন বলেন, বন্যাকবলিত এলাকায় পুনর্বাসন, ক্ষুদ্র উদ্যোক্তাদের ঋণের কিস্তি মওকুফ, কৃষকদের সহায়তা, শিক্ষার্থীদের খেলাধুলা ও উদ্ভাবনী কার্যক্রমে অংশগ্রহণ এবং প্রাণিকল্যাণে নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনের শুরুতে ২০২৪ সালের ১৮ জুলাই কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণ করেন মাহদী আমিন। তিনি বলেন, দুই বছর আগে এই দিনে ইন্টারনেট বন্ধ করে মানুষের ওপর দমন-পীড়ন চালানো হয়েছিল। বর্তমান সরকার বাক্স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি জুলাই আন্দোলনে গুম, হত্যা ও নির্যাতনের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের অঙ্গীকার বাস্তবায়নে কাজ করছে।

সংবাদ সম্মেলনে বন্যার মধ্যে এইচএসসি পরীক্ষা আয়োজন নিয়ে প্রশ্ন করেন সাংবাদিকেরা। এ বিষয়ে মাহাদী আমিন বলেন, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পাঁচটি জেলায় পরীক্ষা স্থগিত করা হয়েছে। কুমিল্লার একটি কেন্দ্রের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লেও সেখানে পরীক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা এবং অতিরিক্ত সময় দেওয়া হয়েছিল। প্রশ্নপত্রে ভুলের বিষয়ে শিক্ষামন্ত্রীর আশ্বাসের কথা উল্লেখ করে তিনি বলেন, সংশ্লিষ্ট প্রশ্নে পরীক্ষার্থীরা পূর্ণ নম্বর পাবেন।

প্রধানমন্ত্রী মানুষের সমস্যার কথা সরাসরি শুনছেন

সংবাদ সম্মেলনের শুরুতে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী বলেন, প্রধানমন্ত্রী সংসদে দেওয়া বক্তব্যের মাধ্যমে রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তনের বার্তা দিয়েছেন। তিনি বলেন, একজন জনপ্রতিনিধির দায়িত্ব শুধু সংসদে বক্তৃতা দেওয়া নয়, নিজের এলাকায় গিয়ে জনগণের জন্য কাজ করা।

প্রেস সচিব বলেন, সংসদে প্রধানমন্ত্রীর দেওয়া এই বার্তা যদি সংসদ সদস্যরা নিজ নিজ এলাকায় বাস্তবায়ন করেন এবং গণমাধ্যম তা মানুষের কাছে তুলে ধরে, তাহলে সরকার ও জনগণের মধ্যে আস্থার সম্পর্ক আরও দৃঢ় হবে। দল–মতনির্বিশেষে দেশের উন্নয়ন ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে সহযোগিতার আহ্বান জানান তিনি।

সালেহ শিবলী বলেন, রাজনীতিতে ‘ব্যক্তি বন্দনার’ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। অতীতে সংসদে অপ্রয়োজনীয় প্রশংসা ও বন্দনায় সময় নষ্ট হলেও বর্তমান সরকার সেই সংস্কৃতি পরিবর্তনের চেষ্টা করছে।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রী নিয়মিত বিভিন্ন জেলা সফর করে মানুষের সমস্যার কথা সরাসরি শুনছেন এবং স্থানীয় পর্যায়ের সম্ভাবনা ও সংকট চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নিচ্ছেন। এই পরিবর্তন ও ইতিবাচক রাজনৈতিক চর্চা জনগণের কাছে সঠিকভাবে তুলে ধরতে গণমাধ্যমের সহযোগিতাও কামনা করেন তিনি।

প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনির সঞ্চালনায় সংবাদ সম্মেলনে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। এ সময় প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।