দুই বন্ধু আলীফ ও সাজিদের সঙ্গে জিপিএ-৫ সংবর্ধনায় এসেছে নাহিয়া নাবা। ফ্যান্টাসি কিংডম, আশুলিয়া, সাভার, ৩০ সেপ্টেম্বর
দুই বন্ধু আলীফ ও সাজিদের সঙ্গে জিপিএ-৫ সংবর্ধনায় এসেছে নাহিয়া নাবা। ফ্যান্টাসি কিংডম, আশুলিয়া, সাভার, ৩০ সেপ্টেম্বর

দুই বন্ধুর সঙ্গে সংবর্ধনায় এসে বাবাকে মনে পড়ল নাবার, নিল নতুন প্রতিজ্ঞা

বাবার হাত ধরে ২০১৯ সালে ফ্যান্টাসি কিংডমে এসেছিল নাহিয়া নাবা। ছয় বছর পর সেই একই জায়গায় আবার এল সে। তবে এবার বাবা নেই। সঙ্গে আছে স্কুলের দুই বন্ধু মো. আলীফ ও সাজিদ হাসান অর্নব। এই তিন বন্ধু এসেছে ‘শিখো-প্রথম আলো জিপিএ-৫ সংবর্ধনা’ অনুষ্ঠানে।

টঙ্গীর সফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজ থেকে এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে নাবা। বর্তমানে একই প্রতিষ্ঠানে এইচএসসিতে পড়ছে সে। আজ বুধবার সকালে সাভারের আশুলিয়ার ফ্যান্টাসি কিংডমে এসে বাবার স্মৃতিই বারবার মনে পড়ছিল তার।

নাবা প্রথম আলোকে বলে, ‘আমার বাবার কথা ভীষণ মনে পড়ছে। বাবা বেঁচে থাকলে আজও তাঁর সঙ্গেই আসতাম।’

২০২১ সালে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের সময় নাবার বাবা মারা যান। বাবার সঙ্গে শেষবার ফ্যান্টাসি কিংডমে আসার স্মৃতি তাই আজও মনে গেঁথে আছে তার।

সংবর্ধনা অনুষ্ঠানে এসে প্রথম আলোকে ধন্যবাদ জানিয়েছে নাবা। সে বলেছে, ‘অনেক ভালো লাগছে এখানে এসে। বাবা চাইতেন, আমি চিকিৎসক হই। আজ আবার দৃঢ় প্রতিজ্ঞা নিলাম, নিজের সর্বোচ্চ দিয়ে বাবার সেই স্বপ্ন পূরণ করব।’

নাবার সঙ্গে আসা আলীফ ও সাজিদও তার সহপাঠী ছিল। তিনজনই সফিউদ্দিন সরকার একাডেমিতে একসঙ্গে পড়েছে। এখন আলীফ ও সাজিদ পড়ছে সরকারি বিজ্ঞান কলেজে।

স্কুলজীবন শেষ করে তিন বন্ধু আবার একসঙ্গে হলো সংবর্ধনা অনুষ্ঠানে। ফ্যান্টাসি কিংডমে ঢুকেই তারা মেতে উঠেছে নানা খেলায়। কুইজ, পাজেল, বল ব্যালান্সিংসহ বিভিন্ন খেলায় অংশ নিয়ে তারা পেয়েছে বই, কলম, চাবির রিংসহ নানা পুরস্কার।

সাজিদের স্বপ্ন সেনাবাহিনীতে যোগ দিয়ে দেশের সেবা করা। আর আলীফ হতে চায় প্রকৌশলী।

স্কুলজীবন শেষ করে তিন বন্ধু আবার একসঙ্গে হলো সংবর্ধনা অনুষ্ঠানে। ফ্যান্টাসি কিংডম, আশুলিয়া, সাভার, ৩০ সেপ্টেম্বর

এই তিন বন্ধু উচ্ছ্বসিত হয়ে বলেছে, ‘প্রথম আলোকে ধন্যবাদ, এভাবে আমাদের আনন্দের সুযোগ করে দেওয়ার জন্য। খুব ভালো লাগছে, তিন বন্ধু একসঙ্গে একটা দিন কাটাতে পারছি।’

‘স্বপ্ন দেখো, জীবন গড়ো’স্লোগানে দেশের ৬৪ জেলার কৃতী শিক্ষার্থীদের নিয়ে চলছে প্রথম আলোর আয়োজনে ও শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’র পৃষ্ঠপোষকতায় জিপিএ-৫ উৎসব। উৎসবে চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হচ্ছে।

ঢাকা অঞ্চলের উৎসবের দ্বিতীয় দিনে আজ ঢাকা, মানিকগঞ্জ ও গাজীপুর জেলার ১০ হাজারের বেশি কৃতী শিক্ষার্থী অংশ নিয়েছে। সকাল নয়টায় ফ্যান্টাসি কিংডমে শুরু হয় অনুষ্ঠান। এর আগেই শিক্ষার্থী ও অভিভাবকেরা অনুষ্ঠানস্থলে আসতে শুরু করেন। অনুষ্ঠান চলবে বিকেল চারটা পর্যন্ত। গতকাল মঙ্গলবারও ফ্যান্টাসি কিংডমে ১০ হাজার কৃতী শিক্ষার্থী অংশ নিয়েছিল।

দিনব্যাপী এ আয়োজনে শিক্ষার্থীদের ভালো ফলের আনন্দ উদ্‌যাপনে থাকছেন বিশিষ্টজন ও তারকা শিল্পীরা। অনুষ্ঠান সঞ্চালনা করছেন প্রথম আলোর সহযোগী সম্পাদক সুমনা শারমীন।

অনুষ্ঠানে থাকছেন কনকর্ড গ্রুপের প্রধান বিপণন কর্মকর্তা অনুপ কুমার সরকার, প্রেসিডেন্সি ইউনিভার্সিটির স্কুল অব বিজনেসের ডিন অধ্যাপক আবুল কালাম, ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট (একাডেমিক) অধ্যাপক এইচ এম জহির, অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের অতিরিক্ত পরিচালক জাবের আহমদ, এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের মহাব্যবস্থাপক মো. কামরুজ্জামান তালুকদার, আম্বার আইটি লিমিটেডের সহকারী মহাব্যবস্থাপক সুব্রত সরকার শুভ্র।

শিক্ষার্থীদের উদ্দেশে অনুপ্রেরণামূলক বক্তব্যে অংশ নেবেন প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক, গবেষক ও পর্যটক এলিজা বিনতে এলাহী এবং ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) মার্স রোভার টিমের কো টিম লিডার শেখ সাকিব হোসেন।

জিপিএ-৫ সংবর্ধনায় এসে বন্ধুরা মিলে সেলফি তোলা হচ্ছে। ফ্যান্টাসি কিংডম, আশুলিয়া, সাভার, ৩০ সেপ্টেম্বর

এ ছাড়া শিক্ষার্থীদের গান-আড্ডায় মাতিয়ে রাখতে থাকছেন সংগীতশিল্পী তানভীর ইভান, জেফার রহমান, অভিনেত্রী সাফা কবির। এই অনুষ্ঠান উপস্থাপনা করবেন রাফসান শাবাব।

আয়োজনটি পাওয়ার্ড বাই বিকাশ এবং সহযোগিতায় থাকছে কনকর্ড গ্রুপ, ফ্রেশ, সেভয় আইসক্রিম, কনকা গ্রী, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি, কোয়ালিটি গ্রুপ, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, জিংক বি, অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ শাখা ক্যাম্পাস, আম্বার আইটি লিমিটেড, এটিএন বাংলা ও প্রথম আলো বন্ধুসভা।