ডেঙ্গু রোগীদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে, ১৮ আগস্ট
ডেঙ্গু রোগীদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে, ১৮ আগস্ট

ডেঙ্গুতে এক দিনে বছরের সর্বোচ্চ মৃত্যু, সবচেয়ে বেশি রোগী ভর্তি

ডেঙ্গু ভয়াবহ রূপ নিচ্ছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় অর্থাৎ গতকাল সোমবার থেকে আজ মঙ্গলবার সকাল পর্যন্ত এক দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। চলতি বছরে এখন পর্যন্ত এক দিনের হিসাবে এটি রেকর্ড প্রাণহানি। সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে ১ হাজার ৫৭১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এত রোগী এর আগে কোনো এক দিনে ভর্তি হননি। এর আগে গত রোববার সর্বোচ্চ ১ হাজার ৫৫৮ রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে ডেঙ্গুতে মৃত্যু ও হাসপাতালে ভর্তির এই তথ্য তুলে ধরা হয়েছে।

এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়াল ১৩০ জনে। আর হাসপাতালে ভর্তি রোগী বেড়ে দাঁড়াল ৪৫ হাজার ৪৭৫ জনে।

নতুন করে ভর্তি রোগীদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ১৯৬ জন, দক্ষিণ সিটিতে ১৩৪ জন ভর্তি হন। দুই সিটির বাইরে ঢাকা বিভাগে ৪০৮ জন হাসপাতালে ভর্তি হন।

এ ছাড়া খুলনায় ২৪২ জন, বরিশাল বিভাগে ১৪২ জন, চট্টগ্রাম বিভাগে ১১৭ জন ও ময়মনসিংহে ৭৭, রংপুরে ৭১ জন, রাজশাহীতে ১১৬ এবং সিলেটে ৮ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ পর্যন্ত বিভাগের হিসাবে সর্বোচ্চ রোগী হয়েছে খুলনা বিভাগে, ৭ হাজার ২৯৮ জন।

গত বছর ডেঙ্গুতে মৃত্যু হয় চার শতাধিক মানুষের, শনাক্ত রোগীর সংখ্যা ছিল ১ লাখ ২ হাজারের মতো।

দেশে ডেঙ্গুর বড় ধরনের প্রাদুর্ভাব হয় ২০০০ সালে। এরপর প্রতিবছর এ রোগে আক্রান্ত রোগী পাওয়া যেত। তবে ২০১৯ সালে ডেঙ্গুর প্রকোপ বেড়ে যায়। এরপর  ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হন। সে বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয়। এর আগের ২৩ বছরে ডেঙ্গুতে এত মৃত্যু এবং এত রোগী হয়নি।