জাতীয় সংসদে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী
জাতীয় সংসদে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী

মধ্যপ্রাচ্যে যুদ্ধে ১২ বাংলাদেশি নিহত, আড়াই মাস আগে রাশিয়ায় গিয়ে নিহত ৪ বাংলাদেশি

মধ্যপ্রাচ্য যুদ্ধে এখন পর্যন্ত ১২ জন বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। জাতীয় সংসদে প্রশ্নোত্তরে তিনি জানিয়েছেন, মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতিতে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অর্থায়নে ইরান থেকে ১২ জন নারী ও ৮ শিশুসহ ১৮৬ জনকে দেশে ফেরত আনা হয়েছে।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরীর (মনি) এক প্রশ্নের জবাবে এসব তথ্য জানান প্রবাসীকল্যাণমন্ত্রী। স্পিকার হাফিজ উদ্দিনের সভাপতিত্বে প্রশ্নোত্তর অনুষ্ঠিত হয়।

প্রবাসীকল্যাণমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্য যুদ্ধে এ পর্যন্ত ১২ জন মৃত্যুবরণ করেছেন। এর মধ্যে ১ জনের লাশ সংশ্লিষ্ট দেশে দাফন করা হয়েছে এবং ৯ জনের লাশ দেশে ফেরত আনা হয়েছে, তাঁদের পরিবারকে লাশ দাফন বাবদ বিমানবন্দর থেকে ৩৫ হাজার টাকা এবং বিশেষ অনুদান হিসেবে ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। এর মধ্যে লেবাননে ৫ জন, সৌদি আরবে ৩ জন, সংযুক্ত আরব আমিরাতে ২ জন, ইরাক ও বাহরাইনে ১ জন করে মৃত্যুবরণ করেছেন।

লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য মো. হাসান রাজীব প্রধানের এক প্রশ্নের জবাবে প্রবাসীকল্যাণমন্ত্রী জানান, গত ২৪ এপ্রিল ৩০ জন বাংলাদেশি কর্মী জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো থেকে রিক্রুটিং এজেন্সি কর্তৃক ম্যানপাওয়ার ক্লিয়ারেন্স নিয়ে রাশিয়ায় যান। রাশিয়ায় পৌঁছানোর পর ওই কর্মীদের জোরপূর্বক যুদ্ধের জন্য প্রস্তুত করা হচ্ছে এবং ক্যাম্প থেকে যুদ্ধক্ষেত্রে পাঠানোর উদ্যোগ নেওয়া হচ্ছে—এমন তথ্য পাওয়ার পর সরকার ব্যবস্থা নেয়। এর পরিপ্রেক্ষিতে গত ১৫ জুন রাশিয়ার মস্কোতে বাংলাদেশ দূতাবাসকে বিপদগ্রস্ত বাংলাদেশি কর্মীদের উদ্ধার করে দেশে ফেরানোর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চিঠি পাঠানো হয়।

আরিফুল হক চৌধুরী বলেন, সর্বশেষ প্রাপ্ত তথ্যে ৩০ জনের মধ্যে চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। রাশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের মাধ্যমে বাকি কর্মীদের দেশে ফিরিয়ে আনার আশা করছে সরকার।

মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য নাজমুল হুদার প্রশ্নের জবাবে প্রবাসীকল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানান, মালয়েশিয়ায় কর্মী পাঠানোর জন্য গত এপ্রিল মাসে দেশটির উচ্চপর্যায়ের প্রতিনিধির সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা হয়েছে। সম্প্রতি প্রধানমন্ত্রী দেশটিতে সফর করেছেন। জুলাই মাসে মালয়েশিয়ার একটি প্রতিনিধিদল বাংলাদেশ সফর করবে। আশা করা যায়, অতি দ্রুত দেশটিতে বাংলাদেশি কর্মী পাঠানোর পথ সুগম হবে।

কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য আবদুল গফুরের প্রশ্নের জবাবে প্রবাসীকল্যাণমন্ত্রী বলেন, বিএমইটির সার্ভারের তথ্যানুসারে ২০০৪ সাল থেকে গত ৩০ জুন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বৈদেশিক কর্মসংস্থানের জন্য ১ কোটি ৯ লাখ ১৮ হাজার ৯ জন বাংলাদেশি গেছেন। তবে বৈদেশিক কর্মসংস্থান শেষে তাঁদের একটি বড় অংশ দেশে ফেরত এসেছেন। বিদেশফেরত এসব কর্মীর তথ্য না থাকায় বর্তমানে কর্মরত কর্মীর সঠিক সংখ্যা দেওয়া সম্ভব হচ্ছে না।

গাইবান্ধা-২ আসনের সংসদ সদস্য আবদুল করিমের প্রশ্নের জবাবে খাদ্য প্রতিমন্ত্রী আবদুল বারী বলেন, সরকার কৃষকদের কাছ থেকে সরাসরি ধান ও গম কেনে, কিন্তু ভুট্টা কেনে না। চলতি মৌসুমে প্রতি কেজি ৩৬ টাকা ধরে ৫ লাখ মেট্রিক টন ধান এবং ৫০ হাজার মেট্রিক টন গম সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। লক্ষ্যমাত্রার বিপরীতে ৫ জুলাই পর্যন্ত ২ লাখ ৯২ হাজার ৯১০ মেট্রিক টন ধান, ৭ লাখ ৯৭ হাজার ৫৭৮ মেট্রিক টন সেদ্ধ চাল, ৫৭ হাজার ৯৯ টন আতপ চাল ও ৫২৩ মেট্রিক টন গম সংগ্রহ করা হয়েছে। আগামী ৩১ আগস্ট পর্যন্ত সংগ্রহ চলমান থাকবে।

সংরক্ষিত নারী আসনে জামায়াতের দলীয় সংসদ সদস্য সাবিকুন্নাহারের প্রশ্নের জবাবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব জানান, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২১-২৫ সাল পর্যন্ত বন্যা ও ঘূর্ণিঝড়ে ২৪৯ জন নিহত হয়েছেন। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন ১ কোটি ৭৭ লাখ ৩৪ হাজার ৫৩২ জন। মোট ক্ষতির পরিমাণ ৪১ হাজার ২০০ কোটি ৯০ লাখ ৪২ হাজার ১৯৯ টাকা।