
মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপার সঙ্গে তাঁর দুই সন্তানকে সাক্ষাৎ করার অনুমতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। আজ বৃহস্পতিবার ট্রাইব্যুনাল এ আদেশ দেন।
ফারজানা রুপার আইনজীবী সিফাত মাহমুদ প্রথম আলোকে বলেন, ফারজানা রুপা অসুস্থ হয়ে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন। তাঁর এক ছেলে ও এক মেয়ের সঙ্গে সাক্ষাতের অনুমতি দেওয়া হয়েছে।
রাজধানীর মতিঝিলে শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে হত্যাকাণ্ডের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলার ৪১ আসামির একজন ফারজানা রুপা। এই মামলায় তিনিসহ ১১ আসামি গ্রেপ্তার আছেন।
শাহরিয়ার কবিরের ভার্চ্যুয়াল শুনানির আবেদন
এদিকে একই মামলায় গ্রেপ্তার আরেক আসামি একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির ভার্চ্যুয়ালি শুনানিতে অংশ নেওয়ার আবেদন করেছেন।
আজ ট্রাইব্যুনালে আবেদনটি করা হলেও এ বিষয়ে শুনানি হয়নি।
ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে, ১৬ সেপ্টেম্বর এই আবেদনের শুনানির দিন ধার্য করা হয়েছে। শাহরিয়ার কবিরকে আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়।
লতিফ সিদ্দিকীর জামিন আবেদন
একই মামলার আরেক আসামি সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর পক্ষ থেকে আজ জামিনের আবেদন করা হয়েছে।
তবে আজ ওই আবেদনের শুনানি হয়নি। পরবর্তী তারিখে তাঁর জামিন আবেদনের শুনানি হবে। আজ তাঁকেও ট্রাইব্যুনালে হাজির করা হয়।