আচরণবিধি লঙ্ঘন করে ব্যস্ততম সড়ক আটকে প্রচারণা চালান চট্টগ্রাম-১১ আসনে আওয়ামী লীগের প্রার্থী এম এ লতিফ। মঙ্গলবার বিকেল চারটায় কদমতলী এলাকার ডি টি রোড এলাকায়
আচরণবিধি লঙ্ঘন করে ব্যস্ততম সড়ক আটকে প্রচারণা চালান চট্টগ্রাম-১১ আসনে আওয়ামী লীগের প্রার্থী এম এ লতিফ। মঙ্গলবার বিকেল চারটায় কদমতলী এলাকার ডি টি রোড এলাকায়

এবার আচরণবিধি ভঙ্গ আওয়ামী লীগের প্রার্থী লতিফের

এবার আচরণবিধি ভঙ্গ করে ব্যস্ততম সড়কে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন চট্টগ্রাম-১১ (বন্দর, পতেঙ্গা ও ইপিজেড) আসনের আওয়ামী লীগের প্রার্থী এম এ লতিফ। আজ মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম নগরের পাঠানটুলি ওয়ার্ডে গণসংযোগ করেন তিনি। এ সময় নগরের ব্যস্ততম ডিটি রোডের এক পাশে নেতা-কর্মীদের নিয়ে প্রচারণা চালান তিনি। এতে সড়কে যানজট সৃষ্ট হয়।

গত সোমবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণা শুরু হয়। প্রচারণা শুরুর প্রথম দিনে এম এ লতিফের প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হকও আগ্রাবাদ এলাকায় সড়ক দখল করে প্রচারণা চালিয়েছিলেন।

জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধিমালা ৬–এর ১ (ঘ) ধারা অনুযায়ী, কোনো রাজনৈতিক দল কিংবা তার মনোনীত প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী বা তাঁর পক্ষে কেউ জনগণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করতে পারে এমন কোনো সড়কে জনসভা কিংবা পথসভা করতে পারবেন না।

আচরণবিধি ভঙ্গ করে পাঠানটুলি ওয়ার্ডের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন সংসদ সদস্য প্রার্থী এম এ লতিফ। তাঁর সঙ্গে ৩০০ থেকে ৪০০ নেতা-কর্মী ছিলেন। সড়কে তাঁদের অবস্থানের কারণে গাড়ি চলাচল স্থবির হয়ে যায়। নগরের কদমতলী এলাকায় যানজট সৃষ্টি হয়। এতে বিপাকে পড়েন যাত্রী ও চালকেরা।

সংসদ সদস্য প্রার্থী এম এ লতিফের পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গণসংযোগের সময় এম এ লতিফ বলেন, ‘১৫ বছর ধরে শত ঝড়তুফান মোকাবিলা করে আমি শক্ত হাতে বঙ্গবন্ধুর নৌকাকে সম্মান নিয়ে আগলে রেখেছি। নেত্রীর বিশ্বাসযোগ্যতার পরীক্ষায় পাস করেছি বলেই উনি চতুর্থবারের মতো আমার হাতে নৌকার হাল তুলে দিয়েছেন। আজীবন উজান ঠেলে এগিয়ে যাওয়া নৌকা কখনোই পথ হারাবে না।’

আচরণবিধি ভঙ্গ করে ব্যস্ততম সড়কে প্রচারণা চালানোর বিষয়ে জানতে ফোন করা হলে ধরেননি এম এ লতিফ।

জানতে চাইলে সহকারী রিটার্নিং কর্মকর্তা রাকিব হাসান প্রথম আলোকে বলেন, রাস্তাঘাট বন্ধ করে কোনো ধরনের নির্বাচনী প্রচারণা চালানো যাবে না। তবে চট্টগ্রাম–১১ আসনে ব্যস্ততম সড়কে দুই প্রার্থীর নির্বাচনী প্রচারণার বিষয়ে এখনো কোনো অভিযোগ পাননি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।