
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় চুরির অপবাদ দিয়ে তিন শিশুকে মারধর করে, হাত বেঁধে এলাকা ঘোরানোর পর জনসমক্ষে দুই শিশুর চুল কেটে দেওয়ার ঘটনায় করা মামলায় গোপালদী পৌরসভার মেয়র হালিম সিকদার চার সপ্তাহের আগাম জামিন পেয়েছেন।
আগাম জামিন চেয়ে তাঁর করা আবেদনের শুনানি নিয়ে আজ সোমবার বিচারপতি কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ জামিন দেন।
৬ ফেব্রুয়ারি উপজেলার গোপালদী পৌরসভার রামচন্দ্রদী বাসস্ট্যান্ডে ওই ঘটনা ঘটে। হালিম সিকদার আড়াইহাজার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকও।
শিশুদের বয়স ৭, ৮ ও ১১ বছর বলে জানা গেছে। তাদের একজনের বাবা বাদী হয়ে ৭ ফেব্রুয়ারি পৌরসভা মেয়রকে প্রধান আসামি করে কয়েকজনের বিরুদ্ধে আড়াইহাজার থানায় একটি মামলা করেন। মামলার পর ওই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে সেদিন পুলিশ জানায়। দুজন হলেন মেয়রের বাড়ির বাগানের মালি মো. ফারুক এবং ওই এলাকার নাপিত দ্বীপক শীল।
ওই মামলায় হাইকোর্টে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে আগাম জামিনের আবেদন জানান মেয়র হালিম সিকদার। আদালতে তাঁর পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী ছুফিউল্লাহ হায়দার ও মো. মশিউল আলম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মদ ভুঁইয়া।
পরে আইনজীবী মো. মশিউল আলম প্রথম আলোকে বলেন, মেয়র কোনো কার্যক্রমে ছিলেন না, তাঁর বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই—এমন যুক্তিতে আগাম জামিন চাওয়া হয়। শুনানি নিয়ে হাইকোর্ট হালিম সিকদারকে চার সপ্তাহের আগাম জামিন দিয়েছেন।