বিশ্বকাপ ফাইনাল

বড় পর্দায় ফাইনাল, বাঁধভাঙা উচ্ছ্বাস ফুটবলপ্রেমীদের

ফাইনালে নিজ দলকে সমর্থন জানাতে জার্সি গায়ে একসঙ্গে খেলা দেখবেন অনেকে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উৎসবের আমেজ।

দর্শকে পরিপূর্ণ মুহসীন হলের মাঠ
ফাইল ছবি

বিশ্বকাপ ফুটবলের ফাইনালে আজ মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স ও আর্জেন্টিনা। রাত নয়টায় শুরু এ ফাইনাল খেলা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বড় পর্দায় দেখানো হবে৷ এ নিয়ে ফুটবলপ্রেমী শিক্ষার্থীদের মধ্যে তৈরি হয়েছে উৎসবের আমেজ৷

২০ নভেম্বর বিশ্বকাপ শুরু হয়। বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকে সব খেলা দেখাতে মুঠোফোনে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদের সৌজন্যে ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় দুটি ও হাজী মুহম্মদ মুহসীন হলের মাঠে একটি ডিজিটাল স্ক্রিন বসানো হয়েছে।

সেখানে বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের সঙ্গে খেলা দেখছেন রাজধানীর বিভিন্ন এলাকার নানা শ্রেণি-পেশার মানুষ। এর বাইরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ও আশপাশে আছে খেলা দেখার ব্যবস্থা।

বিশ্বকাপের ফাইনাল ক্যাম্পাসে বড় পর্দায় দেখানো হবে৷
সাদ্দাম হোসেন, ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদ্য সাবেক সাধারণ সম্পাদক

বিশ্বকাপে আর্জেন্টিনা কিংবা ব্রাজিলের খেলার দিন টিএসসি ও মুহসীন হলের মাঠসহ পুরো ক্যাম্পাসে হাজারো মানুষ ভিড় করেন। ভুভুজেলার বিকট শব্দে হলের শিক্ষার্থীরা রাতে ভোগান্তিতে পড়েন, যা কেউ কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন। এ অবস্থায় ৮ ডিসেম্বর বহিরাগতদের খেলা দেখতে ক্যাম্পাসে না আসার আহ্বান জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এরপর ক্যাম্পাসে কোয়ার্টার ফাইনাল পর্বের খেলা বড় পর্দায় দেখানো হয়নি। তবে ওই সময় খেলা না দেখানোর নেপথ্যে ১০ ডিসেম্বর অনুষ্ঠিত বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ মূল কারণ ছিল বলে শিক্ষার্থীদের কারও কারও ধারণা।

‘আবার চার বছর পরে বিশ্বকাপ। তাই আমার কাছে ফাইনালটা স্পেশাল। আমরা সবাই দল বেঁধে খেলা দেখব।’
জান্নাতুল ফেরদৌস, শামসুন নাহার হলের ছাত্রী

কর্তৃপক্ষ আজ নমনীয়

ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদ্য সাবেক সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, বিশ্বকাপের ফাইনাল ক্যাম্পাসে বড় পর্দায় দেখানো হবে৷

সপ্তাহখানেক আগে ক্যাম্পাসে বহিরাগত ব্যক্তিদের খেলা দেখতে না আসার আহ্বান জানালেও এখন নমনীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রক্টর এ কে এম গোলাম রব্বানী প্রথম আলোকে বলেন, ‘সুষ্ঠুভাবে খেলা দেখানো হবে, এটাই প্রত্যাশিত।’

বিশ্বকাপ ফাইনালকে কেন্দ্র করে ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে উৎসবের আমেজ তৈরি হয়েছে। আর্জেন্টিনা সমর্থকদের উচ্ছ্বাস বাঁধভাঙা৷ নতুন জার্সি গায়ে সহপাঠী ও জ্যেষ্ঠ-কনিষ্ঠ শিক্ষার্থীদের সঙ্গে প্রিয় দলকে সমর্থন জানাতে প্রস্তুত তাঁরা।

জগন্নাথ হলের ছাত্র শান্ত সরকার প্রথম আলোকে বলেন, ‘আমরা ফুটবল ভালোবাসি। বিশ্বকাপ ফুটবল নিয়ে সারা বিশ্বেই উন্মাদনা থাকে। আর্জেন্টিনার জয়ের মধ্য দিয়ে এবারের বিশ্বকাপ ফাইনালটা স্মরণীয় হয়ে থাকবে বলে আশা করি।’

শামসুন নাহার হলের ছাত্রী জান্নাতুল ফেরদৌস বলেন, ‘আবার চার বছর পরে বিশ্বকাপ। তাই আমার কাছে ফাইনালটা স্পেশাল। আমরা সবাই দল বেঁধে খেলা দেখব।’

ঢাকায় বড় পর্দা যেসব জায়গায়

টিএসসি ছাড়াও রাজধানীর আরও কিছু জায়গায় বড় পর্দায় বিশ্বকাপ দেখানো হচ্ছে। এর মধ্যে আছে মতিঝিলে বাফুফে ভবনের সামনের লন, ধানমন্ডির রবীন্দ্রসরোবর, উত্তরা রবীন্দ্রসরণি, মানিক মিয়া অ্যাভিনিউ, হাতিরঝিলে মুজিব চত্বর, গুলশান-২ নগর ভবন, মোহাম্মদপুর বছিলার লাউতলা খালসংলগ্ন মাঠ, প্যারিস রোডসংলগ্ন মাঠ, কাচকুড়া কলেজ মাঠ, শ্যামলী পার্ক, খিলগাঁও তালতলা মার্কেট, মহাখালীর তিতুমীর কলেজ চত্বর ও বসুন্ধরা সিটি শপিং মলের সামনে। এ ছাড়া পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্ক, মতিঝিলের মধুমতি সিনেমা হলে বড় পর্দায় খেলা দেখা যাবে।