দৃকে বিশ্বের লড়াকু মেয়েদের গল্প

দৃকপাঠ ভবনে ‘অদম্য: পরিবর্তনের প্রেরণা জোগানো নারীদের গল্প’ প্রদর্শনী চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত
ছবি: সংগৃহীত

জাঞ্জিবার দ্বীপপুঞ্জের মেয়েদের সাঁতার শেখা বারণ। কারণ, সাঁতারের তেমন শালীন কোনো পোশাক নেই। সেখানে পানিতে ডুবে মৃত্যুর হার কমাতে স্থানীয় নারী ও বালিকাদের সাঁতার শেখাতে চালু হয় ‘দ্য পানজি’ প্রজেক্ট। ভারত মহাসাগরের মুয়ুনি সৈকতে সাঁতার ও উদ্ধারকাজ শেখা কিজিনি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সেসব গল্প উঠে এসেছে আন্যা বয়াজিজের ‘ফাইন্ডিং ফ্রিডম ইন দ্য ওয়াটার’ সিরিজের ছবিগুলোতে। বিশ্বজুড়ে ছড়িয়ে আছে বালিকা ও তরুণীদের এগিয়ে যাওয়ার এ রকম বহু গল্প। আলোকচিত্রীর দল সেসব ছবি তুলে ইতিমধ্যে জিতে নিয়েছেন ওয়ার্ল্ড প্রেসের সেরা ছবির স্বীকৃতি। এ রকম বেশ কিছু ছবি এবার দেখা যাবে পান্থপথের দৃক গ্যালারিতে।

আজ শুক্রবার সন্ধ্যায় দৃকপাঠ ভবনে শুরু হয়েছে বিশ্বের লড়াকু মেয়েদের গল্পছবির প্রদর্শনী ‘অদম্য: পরিবর্তনের প্রেরণা জোগানো নারীদের গল্প’। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা দেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত অ্যান ভ্যান লিউয়েন, জাতিসংঘের মুক্তচিন্তা ও মতপ্রকাশের স্বাধীনতার বিকাশ ও সুরক্ষাবিষয়ক বিশেষ র‌্যাপোর্টিয়ার আইরিন খান এবং দৃক পিকচার লাইব্রেরির ব্যবস্থাপনা পরিচালক শহিদুল আলম। যৌথভাবে আয়োজনটি করেছে বাংলাদেশে নেদারল্যান্ডস দূতাবাস ও দৃক পিকচার লাইব্রেরি।

বিশেষ এ প্রদর্শনীতে রয়েছে ২০০০ থেকে ২০২১ সাল পর্যন্ত ওয়ার্ল্ড প্রেস ফটো প্রতিযোগিতায় পুরস্কৃত ছবিগুলোর মধ্য থেকে নির্বাচিত কিছু গল্প। যেখানে রয়েছে বিশ্বজুড়ে বিভিন্ন বয়সী নারী এবং বিভিন্ন সম্প্রদায়ের মানুষের অদম্য এগিয়ে চলা, তাদের নানা সংকট ও সেসব মোকাবিলার গল্প।

জাতিসংঘের র‌্যাপোর্টিয়ার আইরিন খান বলেন, ‘আমরা দেখেছি ইরানের অল্প বয়সী মেয়েরা কীভাবে অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আমরা তাদের কণ্ঠ শুনেছি, তাদের সাহস দেখেছি। তারা বলেছে, আমরা আর আমাদের অধিকার খর্ব হতে দেব না। নারীরা যদি তাঁদের অধিকার ফিরে না পান, সহিংসতার শিকার হতেই থাকেন, তাঁরা যদি নিরাপত্তা না পান, তাহলে মানবাধিকার বিষয়টি বৈশ্বিক হবে না। এই প্রদর্শনীর ছবিগুলো নারী ও বালিকাদের ক্ষমতায়নের ব্যাপারে সেই বার্তাই দেবে।’

অ্যান ভ্যান লিউয়েন বলেন, ‘কৈশোরে আমার দেশেও লিঙ্গবৈষম্য নিয়ে কথা বলতে শুনেছি। কিন্তু দ্রুত সব ট্যাবু ভেঙে গেছে। বাংলাদেশেও ভাঙবে, যদি আপনারা অনবরত এসবের বিরুদ্ধে কথা বলেন, সচেতনতা সৃষ্টি করে যান। সে ক্ষেত্রে এই প্রদর্শনীর ছবিগুলো অনুপ্রেরণা জোগাবে।’

শহিদুল আলম বলেন, ‘ফুটবলের প্রতি আমাদের দেশের মানুষের গভীর অনুরাগ রয়েছে। এই দেশে আমরা নারীর প্রতি সহিংসতা নিয়ে কথা বলি, কিন্তু আমাদের নারী ফুটবল দল, নারী ক্রিকেট দল বিশ্বমানের। যদিও তাদের সাফল্য পুরুষ দলগুলোর মতো করে উদ্‌যাপন করা হয় না। বিষয়গুলো নিয়ে আমাদের পুনরায় ভাবতে হবে।’

প্রদর্শনীর ‘ক্রাইং ফর ফ্রিডম’ সিরিজে আলোকচিত্রী ফোরোঘ অলায়েই বলেন, ইরানের নারী ফুটবল সমর্থকদের গল্প। ইরানের ফুটবল স্টেডিয়ামে নারীদের প্রবেশে ছিল নিষেধাজ্ঞা। নারী অধিকারের পক্ষে কথা বলতে গ্রেপ্তারের ঝুঁকি নিয়ে পুরুষের ছদ্মবেশে তারা সেখানে প্রবেশ করেন। ‘দ্য প্রমিজ’-এ ইরিনা ভারনিং তুলে ধরেছেন আর্জেন্টিনার বুয়েনস এইরেসের কিশোরী আন্তোনেলার দীঘল চুল কেটে ফেলার গল্প। প্রদর্শনীতে আরও রয়েছে আলোকচিত্রী ফিনবার ওরাইলি, মাইকা অ্যালান, কাতালিনা মার্টিন-শিকো, পাবলো টস্কো, অলিভিয়া হ্যারিস, টেরিল গ্রগিন্স, জোনাথন বাকম্যান, হেবা খামিস, ড্যানিয়েল বেরেহুলাক, রবিন হ্যামন্ড, ডায়ানা মার্কোসিয়ান , জান গ্রারুপ, ম্যাগনাস ওয়েনম্যান এবং ফুলভিও বুগানির তোলা ছবি।

এই যৌথ প্রদর্শনীতে রয়েছে ১৫টি দেশের ১৩টি ভিন্ন ভিন্ন জাতীয়তার ১৭ জন আলোকচিত্রীর তোলা ৯টি সিরিজ ও ৮টি একক ছবি। সেখানে পুরুষতন্ত্র, লিঙ্গভিত্তিক সহিংসতা, যৌন ও প্রজনন অধিকার, সম–অধিকার ও ক্ষমতায়নের সম–অধিকারের মতো বিষয়গুলো গল্পের মতো করে তুলে ধরা হয়েছে। দৃক গ্যালারিতে প্রদর্শনীটি চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত গ্যালারি উন্মুক্ত থাকবে। আয়োজনকে আরও প্রাণবন্ত করতে ২৮ নভেম্বর, ১ ডিসেম্বর ও ৮ ডিসেম্বর বিকেল ৫টা থেকে থাকবে তিনটি প্যানেল আলোচনা।