জিডিপির তুলনায় বরাদ্দ কমেছে সামাজিক নিরাপত্তা খাতে

আগামী ২০২২-২৩ অর্থবছরে সামাজিক নিরাপত্তা খাতে ১ লাখ ১৩ হাজার ৫৭৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এ বরাদ্দ বাজেটের ১৬ দশমিক ৭৫ শতাংশ এবং মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ২ দশমিক ৫৫ শতাংশ। চলতি অর্থবছরে এ খাতে বরাদ্দ ছিল ১ লাখ ৭ হাজার ৬১৪ কোটি টাকা, যা জিডিপির ৩ দশমিক ১১ শতাংশ।

অর্থমন্ত্রী বলেন, প্রতিবছর সামাজিক সুরক্ষার আওতা ও বাজেট বরাদ্দ উভয় বৃদ্ধি করা হচ্ছে। এর মধ্যে ২৯ শতাংশ পরিবারকে সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় আনা হয়েছে এবং বাজেট বরাদ্দ ২০০৮-০৯ অর্থবছরের তুলনায় প্রায় ৮ গুণ বেড়েছে। দরিদ্র ও অসহায় মানুষকে সুরক্ষা কর্মসূচির আওতায় আনার জন্য দুর্যোগপ্রবণ এলাকা, দরিদ্রতম এলাকা ও জনসংখ্যার ঘনত্বের অনুপাতের মতো বিষয়গুলো বিবেচনায় নেওয়া হচ্ছে।  

অর্থমন্ত্রী বলেন, দুস্থ ও প্রবীণ ব্যক্তিদের অধিকার সুরক্ষায় বয়স্ক ভাতা দেওয়া হচ্ছে। আর বিধবা ও স্বামী নিগৃহীত ভাতার ক্ষেত্রে প্রবীণ নারীদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে। চলতি অর্থবছর থেকে মাসিক ৫০০ টাকা হারে ৫৭ দশমিক ১ লাখ জনকে বয়স্ক ভাতা দেওয়া হচ্ছে। এ খাতে ৩ হাজার ৪৪৪ দশমিক ৫৪ কোটি টাকা বরাদ্দ দেওয়া হচ্ছে, যা চলমান থাকবে। ২০২১-২২ অর্থবছরে ২০ লাখ ৮ হাজার প্রতিবন্ধী ব্যক্তিকে মাসিক ৭৫০ টাকা হারে ভাতা দেওয়া হয়েছে।

প্রতিবন্ধী উপকারভোগীর সংখ্যা আগামী অর্থবছরে ৩ লাখ ৫৭ হাজার বাড়িয়ে ২০ দশমিক ৮ লাখের বদলে ২৩ লাখ ৬৫ হাজারে উন্নীত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এ সময় মাসিক ভাতার হার ৭৫০ টাকা থেকে ১০০ টাকা বাড়িয়ে ৮৫০ টাকা করা হবে।
ভাতা কর্মসূচির বাইরেও শিক্ষার্থীদের জন্য প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি চালু করা হয়েছে বলে জানান অর্থমন্ত্রী। তিনি জানান, ২০২১-২২ অর্থবছরে প্রতিবন্ধী শিক্ষার্থীদের সংখ্যা ছিল ১ লাখ। আর বার্ষিক বরাদ্দ ছিল ৯৫ কোটি ৬৪ লাখ টাকা।

অর্থমন্ত্রী বলেন, ‘সামাজিক সুরক্ষা কার্যক্রমের আওতায় মা ও শিশু সহায়তা কর্মসূচিকে প্রাধান্য দিচ্ছে সরকার। এ জন্য চলতি অর্থবছরের উপকারভোগীর সংখ্যা ১০ লাখ ৪৫ হাজার থেকে ২ লাখ ৯ হাজার বাড়িয়ে আগামী অর্থবছরে মোট ১২ লাখ ৫৪ হাজারে উন্নীত করার প্রস্তাব করছি।’