অর্থ পাচার এবং সন্ত্রাসীদের অর্থায়ন রোধে এবার বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) এবং অলাভজনক সংস্থা বা প্রতিষ্ঠানের (এনপিও) জন্য নীতিমালা (গাইডলাইন) প্রণয়ন করেছে বাংলাদেশ ব্যাংক। আজ বৃহস্পতিবার এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এরই মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী বরাবর নির্দেশনা পাঠানো হয়েছে।
এই নীতিমালা অনুযায়ী এখন থেকে অলাভজনক সংস্থা (এনপিও) ও এনজিওকে ‘মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এবং সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯’ পরিপালন করতে হবে।
বাংলাদেশ ব্যাংকের বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের মহাব্যবস্থাপক দেবপ্রসাদ দেবনাথ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ‘মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২’ ও ‘সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯’ অনুযায়ী এনপিও ও এনজিও রিপোর্ট প্রদানকারী সংস্থা হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এসব প্রতিষ্ঠানকে নতুন এই গাইডলাইন অনুসরণ করার নির্দেশ দেওয়া হয় প্রজ্ঞাপনে।