দেশীয় অর্থায়নে, দেশীয় উপকরণ ব্যবহার করে তৈরি পদ্মা সেতু এ দেশের বিভিন্ন খাতের শিল্পোদ্যোক্তাদের সক্ষমতা বহু গুণ বাড়িয়ে দিয়েছে। এ সেতু প্রকল্পে দেশীয় পণ্য সরবরাহের পাশাপাশি উৎপাদন সক্ষমতাও বেড়েছে রড, সিমেন্টসহ আরও অনেক খাতের। পদ্মা সেতু প্রকল্পের কাজের সঙ্গে জড়িত সিমেন্ট, রড, নির্মাণ খাতের শিল্পোদ্যোক্তারা তাঁদের অভিজ্ঞতা, অনুভূতি ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়েছেন প্রথম আলোকে। কথা বলেছেন সুজয় মহাজন।

পদ্মা সেতুর মূল কাঠামো নির্মাণে দেশীয় শুধু দুটি কোম্পানির রড ব্যবহার করা হয়েছে। সেই হিসেবে কেএসআরএম দ্বিতীয় বৃহত্তম সরবরাহকারী। এ ছাড়া কেএসআরএম হচ্ছে সর্বপ্রথম রড সরবরাহকারী প্রতিষ্ঠান। পদ্মা সেতু কর্তৃপক্ষের শর্তহীন রড সরবরাহকারী প্রতিষ্ঠানও কেএসআরএম। এটি নিঃসন্দেহে আমাদের জন্য গৌরব আর অহংকারের। আর এসবের মূল কারণ হলো, মান নিয়ন্ত্রণে আমাদের আপসহীনতা। কেএসআরএম যেকোনো প্রতিকূলতায় বৈজ্ঞানিক পদ্ধতিতে আন্তর্জাতিক মানদণ্ড রক্ষা করেই রড তৈরি করে। পদ্ম সেতুতে সর্বপ্রথম শর্তহীন রড সরবরাহের কার্যাদেশ আমাদের প্রতি গ্রাহকের আস্থা ও বিশ্বাসকে আরও সুসংহত ও দৃঢ় করেছে। উদ্যোক্তা হিসেবে আমাদেরও আত্মবিশ্বাস বেড়েছে।
আমাদের জানামতে, দেশের আরও অনেক ইস্পাত নির্মাণ প্রতিষ্ঠান গৌরবের পদ্মা সেতুতে রড সরবরাহের আগ্রহ দেখিয়েছে। এমন অহংকারের অংশীদার কে না হতে চায়! কিন্তু পদ্মা সেতু নির্মাণ কর্তৃপক্ষের শর্ত ও মান রক্ষা করতে পারেনি অনেক প্রতিষ্ঠান। সেতু নির্মাণ কর্তৃপক্ষ মান রক্ষার ক্ষেত্রে ছিল আপসহীন ও অনমনীয়। তারা কাঁচামাল সংগ্রহ ও উৎপাদন থেকে সরবরাহ পর্যন্ত প্রতিটি ধাপে আন্তর্জাতিক মান যাচাই করেছে। সরবরাহকারী হিসেবে এসব ধাপ অতিক্রম করতে হয়েছে কেএসআরএমকে। মান রক্ষার সমস্ত ধাপে উত্তীর্ণ হতে হয়েছে কোনো ব্যাখ্যা ছাড়াই। এরপর পদ্মা সেতুতে রড সরবরাহে একমাত্র শর্তহীন অনুমোদন পেয়েছে কেএসআরএম।
রড সরবরাহের আগে কেএসআরএম কারখানায় উৎপাদনের প্রতিটি ধাপ সরেজমিন দেখেছেন বিশেষজ্ঞরা। কাঁচামালের মানও পরীক্ষা করেছে ওই বিশেষজ্ঞ দল। সর্বশেষ তাদের শর্ত অনুযায়ী, রড উৎপাদন হয়েছে কি না, তা–ও যাচাই–বাছাই করা হয়েছে। সব কটি ধাপেই কেএসআরএমের রডের মান রক্ষায় সমর্থ হয়েছে। দেশের সবচেয়ে বড় প্রকল্পে রড সরবরাহ কেএসআরএমের জন্য অনেক বড় অর্জন। এই যেন পদ্মা সেতুর অস্তিত্বে কেএসআরএমের অংশীদারত্ব।
পদ্মা সেতু বাংলাদেশের গৌরবের প্রকল্প। আমাদের দীর্ঘদিনের লালিত স্বপ্নের সফল বাস্তবায়ন পদ্মা সেতু। এতে দেশের দুই অঞ্চলের জনগোষ্ঠীর মধ্যে তৈরি হয়েছে মেলবন্ধন। খুলেছে অর্থনীতির নতুন দ্বার। যার প্রভাব পড়বে জাতীয় অর্থনীতিতে।
শাহরিয়ার জাহান, উপব্যবস্থাপনা পরিচালক, কেএসআরএম