প্রথম আলো আয়োজিত ‘কোন পথে অর্থনীতি ও আগামীর বাজেট’ শীর্ষক গোলটেবিল বৈঠকে আমন্ত্রিত অতিথিরা। গতকাল রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে
প্রথম আলো আয়োজিত ‘কোন পথে অর্থনীতি ও আগামীর বাজেট’ শীর্ষক গোলটেবিল বৈঠকে আমন্ত্রিত অতিথিরা। গতকাল রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে

প্রথম আলোর গোলটেবিল

আকস্মিক ধাক্কায় অর্থনীতি, প্রয়োজন জরুরি পদক্ষেপ

বক্তারা বলেন, দেশের আর্থিক খাতে কোনো সংস্কার হচ্ছে না। ব্যবসা ও বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির পরামর্শও দেন তাঁরা।

বেসরকারি খাতের উদ্যোক্তারা সবচেয়ে দুশ্চিন্তায় আছেন ডলার–সংকট নিয়ে। ইউক্রেনের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে রপ্তানি প্রবৃদ্ধি নিয়েও তাঁদের নানা শঙ্কা। একজন ব্যাংকার বললেন, তিনি ডলার ও সুদহারের সীমা তুলে নেওয়ার পক্ষে। অর্থনীতিবিদদের মধ্যে আছে একাধিক মত। কেউ বলেছেন, এটা একটি আকস্মিক ধাক্কা, উৎপাদন ও রপ্তানি খাত ভালো আছে, সুতরাং দুশ্চিন্তার কিছু নেই। আবার কেউ কেউ বলছেন, এক দশকের মধ্যে বড় সংকটের মুখে দেশের অর্থনীতি। সুতরাং স্বল্প ও মধ্যমেয়াদি বিভিন্ন পদক্ষেপ নিয়েই সংকট মোকাবিলা করতে হবে। তবে সবাই একমত যে অর্থনীতিতে সংস্কার প্রয়োজন। আর সবচেয়ে বেশি সংস্কার লাগবে আর্থিক খাতে।

প্রথম আলোর আয়োজনে ‘কোন পথে অর্থনীতি ও আগামীর বাজেট’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এসব কথা বলা হয়েছে। বৈঠকে তিনজন বড় উদ্যোক্তা, অর্থনীতিবিষয়ক চারজন গবেষক, একজন ব্যাংকার এবং দুজন তরুণ উদ্যোক্তা উপস্থিত ছিলেন। রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলোর কার্যালয়ে গতকাল শনিবার অনুষ্ঠিত এ বৈঠক সঞ্চালনা করেন প্রথম আলোর হেড অব অনলাইন শওকত হোসেন। প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফসহ প্রথম আলোর জ্যেষ্ঠ কর্মীরা বৈঠকে উপস্থিত ছিলেন।

বিনায়ক সেন
বোরোর উৎপাদন ভালো হবে, রপ্তানির ক্রয়াদেশও আসছে প্রচুর, দুশ্চিন্তার কোনো কারণ নেই।
বিনায়ক সেন, মহাপরিচালক, বিআইডিএস

ডলারদর বেঁধে দেওয়া আত্মঘাতী

আলোচনায় অংশ নিয়ে এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এ কে আজাদ বলেন, ডলারের দর বেঁধে দেওয়ার সিদ্ধান্ত আত্মঘাতী। এটা বাজারের ওপর ছেড়ে দেওয়া উচিত। বাংলাদেশ ব্যাংক যে রপ্তানিকারকদের জন্য ডলারের দর বেঁধে দেওয়া সিদ্ধান্ত নিয়েছে, এতে মূলধনি যন্ত্রপাতি আমদানি হবে না। কাঁচামাল আমদানিতেও মার খেতে হবে। তিনি আরও বলেন, ‘ইতিমধ্যে আমাদের মূল বাজার ইউরোপ, আমেরিকা ও ইংল্যান্ডে অর্থনৈতিক মন্দা শুরু হয়েছে। তারা পোশাকের আমদানি কমিয়ে দিয়েছে। রপ্তানির ওপর সেটির সরাসরি প্রভাব পড়বে জানুয়ারি-ফেব্রুয়ারিতে।’

মেট্রোপলিটন চেম্বারের সাবেক সভাপতি ও অ্যাপেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর বলেন, ‘বাংলাদেশের বড় রপ্তানি বাজার ইউরোপ ও যুক্তরাষ্ট্র। আমরা দেখছি, যুক্তরাষ্ট্রের বড় চেইনশপগুলোর আয় গত কয়েক মাসে প্রত্যাশার তুলনায় অনেক কমে গেছে। ওই সব দেশে বিক্রি কমে গেলে তার প্রভাব এসে পড়বে আমাদের ওপরও।’

অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের ভাইস চেয়ারম্যান ও সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন বলেন, ‘যাঁরা ডলার আনেন, সেই রপ্তানিকারকদের খরচও বেড়ে গেছে। কারণ, কাঁচামাল ও জাহাজভাড়া বেড়ে গেছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে গিয়ে উৎপাদনশীল খাতকে ক্ষতিগ্রস্ত করে ফেলছি।’

সানেমের নির্বাহী পরিচালক সেলিম রায়হান বলেন, ডলারের বিনিময় হার গত এক দশকে একধরনের স্বস্তির জায়গায় থাকলেও এখন সেখানেও চাপ তৈরি হয়েছে। তাই ডলারের দামকে এভাবে ধরে–বেঁধে রাখা যাবে না।

ফাহমিদা খাতুন
রাজস্বনীতি ও মুদ্রানীতির মধ্যে সমন্বয় দরকার। দেশে এখন না বাজার অর্থনীতি, না কেন্দ্রীভূত অর্থনীতি।
ফাহমিদা খাতুন, নির্বাহী পরিচালক, সিপিডি

মূল্যস্ফীতির তথ্যের বিশ্বাসযোগ্যতা

সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, মূল্যস্ফীতি আসলে কত? ৬ শতাংশ বলা হচ্ছে। আসলে কি তাই? মূল্যস্ফীতি কারও কারও ক্ষেত্রে ১৫ শতাংশের ওপরে আছে।

সানেমের নির্বাহী পরিচালক সেলিম রায়হান বলেন, ‘করোনা–পরবর্তী অর্থনীতির পুনরুদ্ধার যতটা দ্রুত হচ্ছে, সেই তুলনায় সামাজিক পুনরুদ্ধারের গতি খুবই কম। বিশ্ববাজারে পণ্যের দামে আমরা মূল্যবৃদ্ধির প্রবণতা দেখছি। এর সঙ্গে ভূরাজনৈতিক বিষয়টিও সামনে চলে এসেছে। বৈশ্বিক ও অভ্যন্তরীণ সব ধরনের সমস্যাকে মাথায় রেখেই আমাদের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।’

সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন এ নিয়ে বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ডলারের দাম ৯০ টাকার নিচে রাখার সিদ্ধান্ত হয়েছে। কিন্তু বাস্তবতা হলো মূল্যস্ফীতির হার বেড়ে গেছে। এ কারণে আমানতকারীদের সাড়ে ৬ শতাংশ সুদ দিতে হচ্ছে। এতে ৯ শতাংশ হারে ঋণ দেওয়া কঠিন হয়ে পড়েছে। এ জন্য ব্যাংকগুলোও দুর্বল হয়ে পড়ছে।

তবে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) মহাপরিচালক বিনায়ক সেন বলেন, সরকারি ভাষ্য অনুযায়ী, মূল্যস্ফীতির হার ৬ থেকে ৬ দশমিক ৫ শতাংশের মধ্যে থাকবে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে অযথা খাটো করার দরকার নেই।

উন্নয়ন অন্বেষণের চেয়ারম্যান রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, ‘মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সাশ্রয়ী ব্যবস্থার মধ্য দিয়ে গেলে পরিত্রাণ সম্ভব কি না? আমরা উত্তর—না।’

চাই অর্থনৈতিক সংস্কার

বিনায়ক সেন বলেন, দেশের আর্থিক খাতে কোনো সংস্কার হচ্ছে না। এম সাইফুর রহমান অর্থমন্ত্রী থাকার সময় কিছু সংস্কার হলেও পরে আর তা হয়নি। রাজস্ব খাত নজরদারির মধ্যে থাকলেও গত ১০ বছরে পুরো আর্থিক খাতে কোনো সংস্কারই হয়নি।

এ কে আজাদ বলেন, ব্যাংক খাতের সংস্কারটা খুবই জরুরি। আগামী বাজেটে এ–সংক্রান্ত একটা নীতিমালা থাকা দরকার। তিনি বলেন, গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানোর যে পরিকল্পনা সরকার নিয়েছে, সেই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে হবে। ভারত বিদ্যুতের ওপর ভ্যাট-কর তুলে নিয়েছে।

ফাহমিদা খাতুন বলেন, ‘আমরা সংস্কার ভুলে গেছি। সংস্কার এখন ধরাছোঁয়ার বাইরের বিষয় হয়ে গেছে। রাজস্বনীতি ও মুদ্রানীতির মধ্যে সমন্বয় দরকার। বাংলাদেশের অর্থনীতি এখন না বাজার অর্থনীতি, না কেন্দ্রীভূত অর্থনীতি।’

রাশেদ আল মাহমুদ তিতুমীর সংস্কার সম্পর্কে বলেন, অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলো যদি জবাবদিহিমূলক না হয়, তাহলে পরিস্থিতির উন্নতি কীভাবে হবে?

প্রবৃদ্ধি, দারিদ্র্য ও সুদের হার প্রসঙ্গ

বিনায়ক সেন বলেন, ‘মোট দেশজ উৎপাদনের প্রবৃদ্ধির (জিডিপি) হার ৭ দশমিক ২ শতাংশ লক্ষ্যমাত্রার মধ্যে যদি ৫ থেকে ৫ দশমিক ৫ শতাংশও থাকে, তাহলেও আমি বলব এই সংকটের বছরে তা অন্য যেকোনো দেশের তুলনায় ভালো হবে।’ তিনি মনে করেন, দুশ্চিন্তার কোনো কারণ নেই। কৃষি, রপ্তানি, প্রবাসী আয় ও শিল্প খাত—এ চারটি হচ্ছে অর্থনীতির মূল চালক। বোরোর উৎপাদন ভালো হবে বলে আভাস পাওয়া যাচ্ছে, রপ্তানির ক্রয়াদেশও আসছে প্রচুর।

ব্যাংকের সুদহার নিয়ে এ কে আজাদ বলেন, এটিও নিজস্ব গতিতে চলা উচিত। ব্যাংকিং খাতে শৃঙ্খলা নেই। বাংলাদেশ ব্যাংকের যে তদারকি ব্যবস্থা, তা দিয়ে তাদের একার পক্ষে এতগুলো ব্যাংক ও শাখা তদারকি করা সম্ভব নয়। সরকারি ব্যাংকগুলোকে আবার বাংলাদেশ ব্যাংক নিয়ন্ত্রণ করতে পারে না। অর্থ মন্ত্রণালয় সেই কাজ করে।

আগামী বাজেটে চাওয়া

সৈয়দ নাসিম মঞ্জুর দেশীয় প্রতিষ্ঠানগুলোকে বিশ্ববাজারের সঙ্গে প্রতিযোগিতাসক্ষম হিসেবে গড়ে তুলতে করব্যবস্থায় সমতা বিধানের প্রস্তাব করেন। তিনি বলেন, বর্তমানে রপ্তানির ক্ষেত্রে একেক খাতে একেক ধরনের করহার রয়েছে। সংকটময় এ পরিস্থিতিতে অন্তত তিন বছরের জন্য হলেও সব উৎপাদক প্রতিষ্ঠানের জন্য একই করহার করা দরকার।

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সাবেক সভাপতি আবুল কাসেম খান বলেন, উদ্যোক্তাদের অর্থনৈতিক স্বাধীনতা দিতে করপোরেট করহার কমাতে হবে। এতে নতুন উদ্যোক্তারা বিনিয়োগে উৎসাহিত হবেন, কর্মসংস্থান হবে। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ওপর টার্নওভার করমুক্ত সীমা ৩ কোটি টাকা থেকে বাড়িয়ে ৪ কোটি টাকা করার সুপারিশ করেন তিনি এবং নতুন উদ্যোক্তাদের জন্য পাঁচ বছরের জন্য করমুক্ত রাখার দাবি জানান।

বিনায়ক সেন বলেন, সামাজিক সুরক্ষার আওতায় ৫০০ থেকে ৭০০ টাকা করে ভাতা দেওয়া হচ্ছে। এটা সমন্বয় করতে হবে। আর শিল্পশ্রমিকদের জন্য অন্তত রেশনের ব্যবস্থা করা যেতে পারে।

রাশেদ আল মাহমুদ তিতুমীর পরামর্শ দেন, নিত্যপণ্য ও জ্বালানি আনতে মিয়ানমারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা যেতে পারে। এর ফলে দক্ষিণ–পূর্ব এশিয়ার সঙ্গেও গেটওয়ে খুলে যাবে। বাজেটে শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা—এসব খাতে বরাদ্দ বাড়ানোর পরামর্শ দেন তিনি।

পাটপণ্য উৎপাদন ও রপ্তানিকারক প্রতিষ্ঠান তুলিকার স্বত্বাধিকারী ইশরাত জাহান বলেন, ব্যাংকঋণের জন্য একজন মাঝারি উদ্যোক্তার কাছে যে ধরনের কাগজপত্র চাওয়া হয়, একজন ক্ষুদ্র উদ্যোক্তার কাছেও একই ধরনের কাগজপত্র চাওয়া হয়। ব্যাংকঋণের ক্ষেত্রে ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য আলাদা ও সহজ নীতিমালা প্রণয়ন দরকার।

উদ্যোক্তাবান্ধব সরকারি নীতি প্রণয়নের দাবি জানিয়ে ই-কুরিয়ারের সহ–প্রতিষ্ঠাতা বিপ্লব ঘোষ বলেন, বিদ্যমান প্রতিষ্ঠিত ব্যবসায়িক কাঠামোকে চিন্তা করে সব সরকারি নীতি নেওয়া হয়। এ ক্ষেত্রে উদ্যোক্তাদের কথা তেমন মাথায় রাখা হয় না। উদ্যোক্তাদের সহযোগিতার জন্য তিনি নির্দিষ্ট সময়ের জন্য কর ও ভ্যাট অব্যাহতির দাবি জানান।