আর্থিক অন্তর্ভুক্তি কেবল টাকা পাঠানো নয়

আর্থিক অন্তর্ভুক্তি মানে শুধু টাকা পাঠানো নয়। সমাজের নিম্ন আয়ের মানুষকে আর্থিক ব্যবস্থায় নিয়ে আসতে তাদের মুঠোফোনভিত্তিক আর্থিক সেবার (এমএফএস) মাধ্যমে ঋণসহ অন্যান্য সেবাও দিতে হবে।
এশিয়া ও প্যাসিফিক বিজনেস ফোরামের (এপিবিএফ) দ্বিতীয় দিনে একটি অধিবেশনে বক্তারা এসব কথা বলেন। রাজধানীর সোনারগাঁও হোটেলে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশ (আইসিসিবি) ও জাতিসংঘের সংস্থা এসকাপ আয়োজিত ওই সম্মেলন গতকাল বৃহস্পতিবার শেষ হয়েছে।
দুপুরের পর বিজনেস ফোরামে টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জনে আর্থিক অন্তর্ভুক্তি নিয়ে ওই অধিবেশনে ইএসবিএনের ডিজিটাল অর্থনীতি নিয়ে টাস্কফোর্সের চেয়ারপারসন বারবারা মেয়নের্ট বলেন, বিশ্বের ২০০ কোটি মানুষের কোনো ব্যাংক হিসাব নেই। তাঁদের আর্থিক সেবার মধ্যে নিয়ে আসতে হবে।
মুঠোফোনভিত্তিক আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদির বলেন, এখন ২ কোটি ৬৪ লাখ মানুষ বিকাশ ব্যবহার করে হাঁটার দূরত্বে আর্থিক সেবা পাচ্ছে।
বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর মুহাম্মদ এ (রুমী) আলী নাদিম কাদিরের বক্তব্যের সূত্র ধরে বলেন, আর্থিক অন্তর্ভুক্তি মানে শুধু টাকা পাঠানো নয়। যে নারী টাকা লেনদেন করছেন, তাঁর ঋণও দরকার।
মুঠোফোন অপারেটর রবির প্রধান নির্বাহী কর্মকর্তা মাহতাব উদ্দিন আহমেদ বলেন, মুঠোফোন অপারেটরদের সব ধরনের সক্ষমতা থাকার পরও আর্থিক সেবা দেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে না।
অধিবেশনের সঞ্চালক বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহউদ্দিন আহমেদ এমএফএস সেবার নিয়ন্ত্রণের ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দেন।
এ অধিবেশনে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আরাস্তু খান, সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সোহেল আর কে হোসেনসহ দেশি-বিদেশি সংস্থার প্রতিনিধিরা বক্তব্য দেন।
বিকেলে অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্প নিয়ে একটি অধিবেশনে আইসিসি বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট রোকিয়া আফজাল রহমান বলেন, ‘দীর্ঘ অভিজ্ঞতায় আমরা দেখেছি, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাত নিয়ে ফেরত দেয়। এ ক্ষেত্রে আরও এগিয়ে নারী উদ্যোক্তারা। খেলাপি হয় মূলত বড়রা।’
শিল্পসচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়ার সঞ্চালনায় এ অধিবেশনে আইসিসির প্রধান পরিচালন কর্মকর্তা ফিলিপ কুচারস্কি, এসএমই ফাউন্ডেশনের পরিচালক মমতাজ উদ্দিন আহমেদ প্রমুখ বক্তব্য দেন।