ইনসাইডার ট্রেডিংয়ের ঘটনা তদন্তে কমিটি

ইনসাইডার ট্রেডিংয়ের ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করেছে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। আজ বৃহস্পতিবার এ কমিটি গঠন করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।সূত্র জানায়, আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেডের উদ্যোক্তা পরিচালক নাজমুল আহসান খালেদের মেয়ে শাহিনা ফেরদৌসের শেয়ার হস্তান্তর-সম্পর্কিত বিষয় তদন্ত করতে দুই সদস্যের কমিটি গঠন করা হয়েছে।কমিটির সদস্যরা হলেন ডিএসইর সার্ভিল্যান্স বিভাগের ব্যবস্থাপক মো. খালেদুজ্জামান ও ডিএসইর ইন্টারনাল অডিট অ্যান্ড কমপ্লায়েন্স বিভাগের সিনিয়র এক্সিকিউটিভ ইসরাত জাহান।কমিটিকে আগামী ৩০ কর্মদিবসের মধ্যে এসইসিতে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ অধ্যাদেশ ১৯৬৯-এর ২১ ধারা এবং সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন আইন ১৯৯৩-এর ১৭ক ধারা বলে এই তদন্ত কমিটি গঠন করা হয়।