বৈদ্যুতিক গাড়ি কারখানা

ইন্দোনেশিয়ায় টেসলার কারখানা হতে পারে

ইলন মাস্ক
ইলন মাস্ক

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদোর সঙ্গে বৈঠক করেছেন বিশ্বের শীর্ষ ধনী ও টেসলা ইনকরপোরেশনের প্রধান নির্বাহী ইলন মাস্ক। যুক্তরাষ্ট্রের টেক্সাসে তাঁদের মধ্যে এ বৈঠক হয়। সেখানে সম্ভাব্য বিনিয়োগ ও প্রযুক্তিগত বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে ইন্দোনেশিয়া সরকারের এক বিবৃতিতে জানানো হয়েছে। খবর রয়টার্সের।

ইলন মাস্ক বলেছেন, ‘ইন্দোনেশিয়া ব্যবসার ক্ষেত্রে দারুণ সম্ভাবনাময়। ফলে দেশটির সঙ্গে বিভিন্ন খাতে বিনিয়োগ করা যায়। টেসলার সঙ্গে ইন্দোনেশিয়া সরকারের অংশীদারী গড়ে উঠতে পারে।’ এ সময় ইলন মাস্ককে ইন্দোনেশিয়া ভ্রমণের আমন্ত্রণ জানান দেশটির প্রেসিডেন্ট।

উল্লেখ্য, বিশ্বের সবচেয়ে বড় নিকেলের ভান্ডার ইন্দোনেশিয়া। ব্যাটারি তৈরি করতে নিকেল প্রয়োজন। এই ধাতু কাজে লাগিয়ে নিজ দেশে নিকেলভিত্তিক বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) শিল্প গড়ে তুলতে চান জোকো উইদোদো। ব্যাটারির সরঞ্জাম থেকে শুরু করে বিদ্যুচ্চালিত গাড়ি সংযোজন পর্যন্ত—সব ক্ষেত্রেই। সম্প্রতি চীনসহ বেশ কয়েকটি দেশের বড় বড় ব্যাটারি কোম্পানি ইন্দোনেশিয়ায় বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি তৈরিতে বিনিয়োগ করেছে। হুন্দাই মোটর কোম্পানি এলজি এনার্জি সল্যুশনের সঙ্গে মিলে ৯০০ কোটি ডলার বিনিয়োগ করে ব্যাটারি কারখানা স্থাপন করছে।

জোকো উইদোদোর সঙ্গে ইলন মাস্কের সঙ্গে বৈঠকের আগে সম্ভাব্য বিনিয়োগের বিষয়টি যাচাই-বাছাই করা হয়েছে। সে কারণে ব্যাটারি খাতে বিনিয়োগের সম্ভাব্যতা যাচাইয়ে গত সপ্তাহ থেকেই ইন্দোনেশিয়ায় অবস্থান করছেন টেসলার প্রতিনিধিরা, যদিও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি টেসলা।

ভারত সুযোগ হারাল

এর আগে ভারতে আসার কথা ছিল টেসলা ও ইলন মাস্কের। কিন্তু অনেক দিন আসি আসি করেও শেষমেশ ভারতে আসেনি টেসলা। সেই পথে বাধা মূলত ভারতের ‘চড়া’ শুল্ক। বৈদ্যুতিক গাড়ির সহায়ক পরিবেশ তৈরি প্রসঙ্গে ভারতের মনোভাব নিয়েও প্রশ্ন তুলেছেন টেসলা কর্ণধার। শর্ত দিয়েছেন, আমদানি করা গাড়ি বিক্রি সফল হলেই কেবল ভারতে কারখানা নির্মাণের কথা ভাবা হবে। মোদি সরকার যখন বৈদ্যুতিক গাড়িতে জোর দেওয়ার কথা বলছে, তখন মাস্কের এই বার্তা নিঃসন্দেহে তাদের সেই প্রচার নিয়ে প্রশ্ন তুলতে পারে বলেই মত সংশ্লিষ্ট মহলের একাংশের। খবর ইকোনমিক টাইমস

গত বছর এই টুইটে মাস্ক বলেছিলেন, ‘ভারতে আমদানি শুল্ক অনেক বেশি। তা ছাড়া “শুদ্ধ” জ্বালানির (বৈদ্যুতিক) গাড়িকে ভারতে ডিজেল-পেট্রলের গাড়ির সঙ্গে একই কাতারে দেখা হয়, যা আবহাওয়া (দূষণ) সংক্রান্ত ভারতের লক্ষ্যমাত্রার সঙ্গে খাপ খায় না।’ ফলে ভারতকে স্পষ্টত নীতিগত পরিবর্তন আনতে হবে।

আর এখন যদি মাস্ক ইন্দোনেশিয়ার গাড়ির কারখানা তৈরির সিদ্ধান্ত নিয়েই ফেলেন, তাহলে ভারত আরেকটি বড় সুযোগ হারাল বলেই ধরে নেবেন বিশ্লেষকেরা।