এডিবির সঙ্গে মতবিনিময়

উন্নয়ন সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান অর্থমন্ত্রীর

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল
ছবি: সংগৃহীত

দেশের উন্নয়নে এশীয় উন্নয়ন ব্যাংককে (এডিবি) সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। একই সঙ্গে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ–পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় এডিবিকে পাশে চান বলে জানান তিনি।

গতকাল সোমবার রাজধানীর হোটেল ওয়েস্টিনে এডিবির সহসভাপতি (অপারেশন ওয়ান) শিজিন চেনের সঙ্গে এক মতবিনিময় সভায় এ কথা বলেন অর্থমন্ত্রী। এ সময় তিনি বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে, বিশেষ করে করোনার প্রভাব কাটিয়ে উঠতে দ্রুততার সঙ্গে সহযোগিতার হাত বাড়ানোর জন্য এডিবিকে ধন্যবাদ জানান।

সভায় মুস্তফা কামাল স্বাস্থ্য খাতে নেতিবাচক প্রভাব উত্তরণে সরকারের ২ হাজার ২৮০ কোটি মার্কিন ডলার (জিডিপির ৬ দশমিক ২৩ শতাংশ) প্রণোদনা বাস্তবায়নের বিষয়টি এডিবিকে অবহিত করেন।

করোনা মহামারি কাটিয়ে উঠতে বাংলাদেশের সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা পুনরুদ্ধারে এডিবি বাংলাদেশের পাশে ছিল এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন এডিবির সহসভাপতি শিজিন চেন।

সভায় বক্তারা বলেন, করোনাকালে এডিবি বাংলাদেশকে বিভিন্ন ধাপে বিরূপ অর্থনৈতিক প্রভাব মোকাবিলা, টিকা ক্রয়, দ্রুত অর্থনৈতিক পুনরুদ্ধার, কর্মসৃজন ও অভিবাসী শ্রমিকদের দক্ষতা উন্নয়নে ২০০ কোটি ডলারের বেশি ঋণ ও অর্থসহায়তা দিয়েছে। দেশের উন্নয়ন ত্বরান্বিত করতে এটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।