বর্তমান রাজনৈতিক সহিংসতার কারণে যে ক্ষতি হয়েছে, তা পুষিয়ে নিতে ব্যবসায়ীদের চলতি বছরে নেওয়া ব্যাংকঋণের সুদ শত ভাগ মওকুফ এবং মূল্য সংযোজন কর (মূসক) ও আয়করের হার কমিয়ে অর্ধেকে নির্ধারণের দাবি জানিয়েছে চুয়াডাঙ্গা চেম্বার। সংগঠনটি গত সোমবার জেলা প্রশাসকের মাধ্যমে লিখিতভাবে অর্থমন্ত্রীর কাছে এ দাবি জানায়। জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক মল্লিক সাঈদ মাহবুব চেম্বারের দাবিগুলো গ্রহণ করেন। এ সময় চেম্বারের সভাপতি ইয়াকুব হোসেন মালিক, পরিচালক শাহরিন হক ও মঞ্জুরুল আলম উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে বলা হয়েছে, গত এক বছর ধরে হরতাল-অবরোধের কারণে চুয়াডাঙ্গার সব ধরনের ব্যবসাপ্রতিষ্ঠান, কলকারখানা, আমদানি-রপ্তানিকারক প্রতিষ্ঠান, দোকানি ও কাঁচামাল ব্যবসায়ীরা আর্থিকভাবে বেশ ক্ষতিগ্রস্ত হয়েছেন।