জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে এক হাজার ৩১৫ কোটি টাকা ব্যয়ের সাতটি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন।অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে চারটিই হচ্ছে সড়ক ও রেলপথ বিভাগের অধীন প্রকল্প। দুটি হলো মত্স্য ও পানিসম্পদ মন্ত্রণালয়ের। বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার সাংবাদিকদের এসব তথ্য জানান।প্রকল্পগুলো হচ্ছে—মত্স্য ও পানিসম্পদ মন্ত্রণালয়ের অধীন ৪১৩ কোটি টাকা ব্যয়ের পাবনা জেলার সুজানগর উপজেলার গাজনার বিলের সংযোগ নদী খনন, সেচ-সুবিধার উন্নয়ন ও মাচ চাষ প্রকল্প; ৫৭ কোটি টাকা ব্যয়ের টিকা উত্পাদন প্রযুক্তি, গবেষণাগার সম্প্রসারণ ও আধুনিকায়ন প্রকল্প (সংশোধিত); সড়ক ও রেলপথ বিভাগের অধীন ৩৬৪ কোটি টাকা ব্যয়ের পরিবহনযোগ্য ইস্পাত সেতু সংগ্রহ/স্থাপন (সংশোধিত) প্রকল্প; একই বিভাগের অধীন ২৮৪ কোটি টাকা ব্যয়ের পার্বত্য জেলাগুলোর ছয়টি সড়ক নির্মাণ/উন্নয়ন প্রকল্প (সংশোধিত); ৮৩ কোটি টাকা ব্যয়ে রায়পুরা-নরসিংদী-মদনগঞ্জ সড়ক নির্মাণ প্রকল্প; ৮৩ কোটি টাকা ব্যয়ের বাংলাদেশ রেলওয়ের ফৌজদারহাট-সিজিপিওয়াই-এসআরভি-চট্টগ্রাম শাখার পুনর্বাসন প্রকল্প (সংশোধিত) এবং ৩১ কোটি টাকা ব্যয়ে চট্টগ্রাম ইপিজেডে একতলা কারখানা ভবনের স্থলে চারতলা কারখানা ভবন নির্মাণ প্রকল্প।