এবি ব্যাংকের পর্ষদে পরিবর্তন

বেসরকারি খাতের এবি ব্যাংকের পর্ষদে পরিবর্তন হয়েছে। বিএনপি সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খানের পক্ষে নতুন পরিচালক নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও কক্সবাজার জেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী। মোরশেদ খানের মালিকানাধীন প্যাসিফিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পক্ষে নতুন পরিচালক হয়েছেন শিরিন শেখ মাঈন উদ্দিন। এ ছাড়া চট্টগ্রাম ভিত্তিক এলিট পেইন্টসের পক্ষে নতুন পরিচালক হয়েছেন সাজির আহমেদ।

আজ বৃহস্পতিবার রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ পরিবর্তন আসে। সভায় জানানো হয়, ব্যাংকটির চেয়ারম্যান এম ওয়াহিদুল হক, ভাইস চেয়ারম্যান সেলিম আহমেদ ও ফাহিমুল হকের মেয়াদ শেষ হয়ে গেছে। এরপরই নতুন পরিচালক নির্বাচিত হয়। এর মধ্যে ওয়াহিদুল হক ছিলেন মোরশেদ খানের ব্যক্তিগত শেয়ারের প্রতিনিধি, তার মালিকানাধীন প্যাসিফিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পক্ষ ছিলেন ফাহিমুল হক ও সেলিম আহমেদ ছিলেন এলিট পেইন্টসের গ্রুপের প্রতিনিধি ও ভাইস চেয়ারম্যান।

চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের মেয়াদ শেষ হওয়ার পরও বৃহস্পতিবার নতুন করে কাউকে দায়িত্ব দেওয়া হয়নি।

ব্যাংকটির প্রায় ৩০ শতাংশ শেয়ারের কর্ণধার এম মোরশেদ খান ও তার প্রতিষ্ঠানগুলো। বৃহস্পতিবারের সভায় তিনি ও তার ছেলে ফয়সাল মোরশেদ খানসহ উদ্যোক্তা ও শেয়ারহোল্ডাররা উপস্থিত ছিলেন। মোরশেদ খান প্রথম আলোকে বলেন, ‘মেয়াদ শেষ হওয়ায় তিনজনকে ব্যাংকের পরিচালক পদ ছাড়তে হয়েছে। এম এ আওয়ালকে ব্যাংকের নতুন চেয়ারম্যান করা হবে’।

ব্যাংকটির কোম্পানি সচিব মহাদেব সরকার প্রথম আলোকে বলেন, নতুন পরিচালকদের বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন মিললে পর্ষদ নতুন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান নির্বাচিত করবেন।

ব্যাংক খাতে এবি ব্যাংকের মালিকানা পরিবর্তন নিয়ে নানা ‘গুঞ্জন’ ভেসে বেড়াচ্ছিল কয়েক দিন ধরেই। ব্যাংকটির সিংহভাগ ভাগ শেয়ারের মালিকানা রয়েছে এম মোরশেদ খানের হাতে। গত ছয় মাসে ব্যাংকটির উল্লেখযোগ্য শেয়ার কিনেছে চট্টগ্রামভিত্তিক একটি শিল্প গ্রুপ। এ প্রক্রিয়ায় এর আগে ইসলামী ব্যাংক ও সোস্যাল ইসলামী ব্যাংকের পরিবর্তন হয়।

এদিকে একইস্থানে ব্যাংকটির বিশেষ সাধারণ সভায় সিদ্ধান্ত হয়, ব্যাংকটি বিদ্যমান ৫টি শেয়ারের বিপরীতে ৪টি রাইট শেয়ারের পরিবর্তে ৩টি বিদ্যমান শেয়ারের বিপরীতে ২টি রাইট শেয়ার দেবে।