আমদানিনির্ভরতা কমিয়ে দেশে উৎপাদিত শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রকে (এসি) আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ করছে দেশীয় প্রতিষ্ঠান এলিট হাইটেক ইন্ডাস্ট্রিজ। এ বিষয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন এর উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মো. নুর এ আলম। তাঁর সাক্ষাৎকারটি নিয়েছেন শফিকুল ইসলাম।

প্রথম আলো: এলিট হাইটেক ইন্ডাস্ট্রিজ কখন থেকে হোম অ্যাপ্লায়েন্স পণ্য উৎপাদন শুরু করেছে?
মো. নুর এ আলম: বাংলাদেশে ১৯৯০ সাল থেকে এলিট হাইটেক ইন্ডাস্ট্রিজের পথচলা শুরু হয়। বিভিন্ন ধরনের হোম অ্যাপ্লায়েন্স পণ্য থাকলেও শুরু থেকেই আমরা শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র (এসি) আমদানি, তৈরি ও বিপণনের লক্ষ্য নিয়েই আগাচ্ছি। প্রথম দিকে আমদানিনির্ভর থাকলেও পর্যায়ক্রমে আমরা এসি অ্যাসেম্বলিং ও ম্যানুফ্যাকচারিংয়ের জগতে প্রবেশ করি। ২০০৫ সাল থেকে বিশ্বখ্যাত ‘মিডিয়া’ ব্র্যান্ডের এসির এদেশীয় প্রধান পরিবেশক ও উৎপাদন সহযোগী হিসেবে কাজ করছি। আর ২০১৭ সাল থেকে জাপানিজ প্রযুক্তির সমমানের আমাদের নিজস্ব ব্র্যান্ড ‘এলিট’ এসি তৈরি ও বিপণনের কাজ শুরু করি।
প্রথম আলো: বিভিন্ন ধরনের হোম অ্যাপ্লায়েন্স পণ্যের মধ্যে আপনারা কেবল শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র (এসি) নিয়ে সামনে এগোচ্ছেন কেন?
নুর এ আলম: আমরা বাংলাদেশে এসি স্পেশালিস্ট হিসেবে নিজেদের পরিচয় তৈরি করতে চাই। এই খাতের অন্য প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আমাদের প্রধান পার্থক্য হলো, আমরা বিভিন্ন পণ্য নিয়ে কাজ না করে শুধু একটি পণ্য (এসি) নিয়েই কাজ করি। এই পণ্যেই সর্বোচ্চ আন্তর্জাতিক মান বজায় রাখতে আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।
বিশ্বের দ্বিতীয় শীর্ষ এসি প্রস্তুতকারক ব্র্যান্ড ‘মিডিয়া’র উৎপাদন সহযোগী হওয়ায় এসি তৈরির প্রতিটি ধাপেই আমরা মূল কোম্পানির মান বজায় রাখছি। এর সঙ্গে আমরা বিশ্বের ভালো মানের বিভিন্ন এসির প্রচলিত অন্যান্য প্রযুক্তিও এলিট এসি তৈরিতে অনুসরণ করছি। অর্থাৎ আমরা আন্তর্জাতিক মান বজায় রাখার পাশাপাশি আন্তর্জাতিক বাজারে অন্যদের সঙ্গে প্রতিযোগিতাও করতে চাই। বাংলাদেশে যে আন্তর্জাতিক মানের সেরা এসি প্রস্তুত হয়, সেই বিশ্বাস মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার কাজও করছি আমরা।
প্রথম আলো: দেশে এসির বাজার কত বড়? সেখানে আপনাদের অবস্থান কেমন?
নুর এ আলম: আমাদের হিসাবে বাংলাদেশের আবাসিক (রেসিডেনসিয়াল) ও বাণিজ্যিক (কমার্শিয়াল) এসির বাজার বর্তমানে বছরে প্রায় চার লাখ সেট। এর বাইরে দেশে প্রতিবছর উল্লেখযোগ্য পরিমাণে কমার্শিয়াল এইচভিএসি সিস্টেম বিক্রি হচ্ছে। আশার দিক হচ্ছে, সব ক্ষেত্রেই এসির বাজারের আকার প্রতিনিয়ত বাড়ছে। অধিকাংশ এসি দেশেই উৎপাদন হয়, বাকিগুলোর ক্ষেত্রে বেশির ভাগ কোম্পানি গ্লোবাল ব্র্যান্ডের যন্ত্রাংশ আমদানি করে দেশে সংযোজন করে থাকে।
এলিট হাইটেক ইন্ডাস্ট্রিজ এক থেকে আড়াই টন পর্যন্ত আবাসিক এসি (স্প্লিট ও পোর্টেবল) এবং দেড় টন থেকে পাঁচ টন পর্যন্ত বাণিজ্যিক এসি (সিলিং, ক্যাসেট, ডাক্ট, ফ্লোর স্ট্যান্ডিং) তৈরি করি। এ ক্ষেত্রে ইনভার্টার, নন ইনভার্টার, কুলিং অনলি ও হিটিং অ্যান্ড কুলিংসহ সব ধরনের প্রযুক্তির এসিই উৎপাদন করে। মিডিয়া ও এলিট দুটো ব্র্যান্ড মিলিয়ে আমরা দেশের বাজারের প্রায় ১৫ শতাংশ এসি উৎপাদন করি। আমাদের এসির দাম সর্বনিম্ন ৩০ হাজার থেকে সর্বোচ্চ দেড় লাখ টাকা।
প্রথম আলো: দেশের হোম অ্যাপ্লায়েন্স পণ্য বিদেশে রপ্তানির সম্ভাবনা কেমন দেখছেন?
নুর এ আলম: আমার স্বপ্নটা খুব সিম্পল। যে রকম তৈরি পোশাকশিল্পের জন্য আমরা সারা পৃথিবীর কাছে পরিচিত, তেমনি হোম অ্যাপ্লায়েন্স পণ্যের রপ্তানিকারক হাব হিসেবেও বাংলাদেশকে দেখতে চাই আমরা। মাত্র ১০টি দেশীয় প্রতিষ্ঠানও যদি আন্তর্জাতিক মানসম্পন্ন এসিসহ হোম অ্যাপ্লায়েন্স পণ্য রপ্তানিকারক হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে, তাতেও আমরা আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণে সক্ষম হব।
প্রথম আলো: গ্রাহকদের অনেকে বিদেশি ব্র্যান্ডের পণ্য কিনতে পছন্দ করেন। এ পরিস্থিতি পাল্টাতে আপনারা কী পদক্ষেপ নিচ্ছেন?
নুর এ আলম: এ ক্ষেত্রে আমাদের কিছুটা সীমাবদ্ধতা আছে। অনেক ক্ষেত্রেই দেশে উৎপাদিত পণ্যের মান ভালো হলেও আমরা ক্রেতাদের মনে আত্মবিশ্বাস তৈরি করে দিতে পারিনি। দেশের প্রথম প্রতিষ্ঠান হিসেবে ২০১৮ সালে আমরা জাপানি কোম্পানি প্যানাসনিকের নিজস্ব গবেষক ও মাননিয়ন্ত্রক (কিউসি) দল দিয়ে কারখানা নিরীক্ষা করিয়েছি। তখন প্যানাসনিকের প্রকৌশলীরা আমাদের পণ্যের মান ও উৎপাদন প্রক্রিয়া নিয়ে সন্তুষ্টি জানিয়েছেন। অথচ দেশের অনেক ক্রেতা প্রায় এক লাখ টাকা দিয়ে প্যানাসনিকের এসি কিনলেও তার অর্ধেক দামে এলিটের এসি কিনতে দ্বিধাবোধ করেন। আমি এটিকে মূলত আমাদের ইন্ডাস্ট্রির কমিউনিকেশন ব্যর্থতা বলে মনে করি। এই জায়গায় আরও কাজ করতে হবে আমাদের।