কাঁচা পাট রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানিয়েছে ভারতীয় পাটকল সমিতি (আইজেএমএ)। কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপহাইকমিশনার জকি আহাদের সঙ্গে গত বুধবার সাক্ষাৎ করে সমিতির একটি প্রতিনিধিদল এ আহ্বান জানায়। সমিতির চেয়ারম্যান মনিষ পোদ্দার প্রতিনিধিদলটির নেতৃত্ব দেন।
দ্য হিন্দু পত্রিকা এ খবর দিয়েছে। পত্রিকাটি বলেছে, এ সমস্যার কারণে বর্তমানে পশ্চিমবঙ্গের ২০ শতাংশ পাটকল বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। এতে প্রায় ৫০ হাজার শ্রমিকের বেকার হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
আইজেএমএর পক্ষ থেকে বলা হয়েছে, ২ ডিসেম্বর থেকে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সার্কের সদস্যদেশগুলোর মধ্যে বাণিজ্য বৃদ্ধির স্বার্থে এ নিষেধাজ্ঞা তুলে দেওয়া প্রয়োজন। এর আগে গত নভেম্বর মাসে বাংলাদেশের কাঁচা পাট বিক্রেতা এবং ভারতীয় পাটকল মালিক ও ব্যবসায়ীদের সঙ্গে সম্পাদিত চুক্তিও স্থগিত করা হয়েছে। এসব চুক্তির সঙ্গে প্রায় ৫০ হাজার টন কাঁচা পাট আমদানির বিষয়টি জড়িত।