দুই বছর আগে আন্ডার-ইনভয়েসিং ও ওভার-ইনভয়েসিংয়ে পাচার করা অর্থের ওপর ৫০% করারোপ করা হয়।

দেশে কালোটাকা সাদা করার ঢালাও সুযোগ বিদ্যমান আছে। তবু চলতি ২০২১–২২ বছরে তেমন একটা সাড়া পাননি কর কর্মকর্তারা। কারণ, দেশের ভেতরে যাঁদের লুকানো টাকা বা সম্পদ রয়েছে, তাঁদের মধ্যে সেটি দেখানোর বিষয়ে কখনোই তেমন একটা আগ্রহ দেখা যায়নি।
আবার বিদেশে পাচার করা অর্থ দেশে এনে ৫০ শতাংশ কর দিয়ে বৈধ করার যে সুযোগ দেওয়া হয়েছে, সেটিও ভেস্তে গেছে। দুই বছর আগে আন্ডার–ইনভয়েস ও ওভার–ইনভয়েসের মাধ্যমে বিদেশে পাচার করা অর্থের ওপর কর বসিয়ে টাকা বৈধ করার এ সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) গত দুই বছরে এমন কাউকেই খুঁজে পায়নি। অর্থাৎ কেউই এতে সাড়া দেননি। ফলে এনবিআর এক টাকাও কর পায়নি।
এমন অবস্থায় সরকার আবারও বিদেশে থাকা সম্পদ ও অর্থ দেশে ফেরত আনা বা দেখানোর সুযোগ দিতে যাচ্ছে। বলা হচ্ছে, বিদেশ থেকে অর্থ ফেরত আনা বা সম্পদ প্রদর্শনে নানা জটিলতা তৈরি হতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এ বিষয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান প্রথম আলোকে বলেন, এই পর্যন্ত দেশের ভেতরে থাকা অবৈধভাবে উপার্জিত কালোটাকা সাদা করার জন্য ১৮ বার সুযোগ দেওয়া হয়েছে। নৈতিকতা বিসর্জন দিয়ে এতবার সুযোগ দেওয়ার পর সরকার কী পেয়েছে? কিছুই পায়নি। তাই বারবার এই সুযোগ দেওয়া হবে কি না, তা বিশ্লেষণ করা উচিত। কারণ, এটি নৈতিকতাবিরোধী একটি উদ্যোগ। এতে সৎ করদাতারা নিরুৎসাহিত হন।
* ১৭% আমদানি-রপ্তানির মূল্য ঘোষণায় গরমিল থাকে। * দেশের ভেতরেও কালোটাকা সাদা করায় উৎসাহ নেই।
ইফতেখারুজ্জামান আরও বলেন, যাঁরা বিদেশে টাকা পাচার করে ফেলেছেন, তাঁরা স্বেচ্ছায় সেই অর্থ দেশে ফিরিয়ে আনবেন—এটি একটি অলীক ভাবনা। এ ধরনের সুযোগ কাজে আসবে না। দুই বছর আগে আন্ডার–ইনভয়েসিং ও ওভার–ইনভয়েসিংয়ের মাধ্যমে পাচার করা টাকা বৈধ করার যে সুযোগ দেওয়া হয়েছে, তা–ও কাজ করেনি।
বৈদেশিক লেনদেন বাণিজ্যে সাধারণত দুটি প্রক্রিয়ায় অর্থ পাচার হয়। এগুলো হলো বিদেশ থেকে পণ্য আমদানির মূল্য বেশি দেখানো (ওভার–ইনভয়েসিং) এবং রপ্তানিতে মূল্য কম দেখানো (আন্ডার–ইনভয়েসিং)। দুই প্রক্রিয়ায়ই বিদেশে অর্থ পাচার করা হয়।
গত ২০২০-২১ অর্থবছরের বাজেটে আয়কর অধ্যাদেশের ১৬ (এইচ) ধারা সংশোধন করা হয়। ওই সংশোধনীর মাধ্যমে আমদানি-রপ্তানির মাধ্যমে যে পরিমাণ অর্থ আন্ডার–ইনভয়েসিং ও ওভার–ইনভয়েসিং (আমদানি-রপ্তানি মূল্য কম-বেশি দেখানো) করে বিদেশে অর্থ পাচার করা হয়েছে, তার ৫০ শতাংশ কর দিয়ে বৈধ করার সুযোগ দেওয়া হয়। এ ক্ষেত্রে ওই করদাতার কর নথি বিশ্লেষণ করে বিদেশে অর্থ পাচারের বিষয়টি নিশ্চিত করতে হবে। এ ছাড়া বিদেশে বিভিন্ন ধরনের ভুয়া বিনিয়োগ প্রমাণিত হলেও সমপরিমাণ কর দিয়ে অর্থ বৈধ করা যায়। ২০২০ সালের জুলাই মাস থেকে অর্থ বৈধ করার সুযোগ শুরু হয়।
এনবিআরের আয়কর বিভাগ সূত্রে জানা গেছে, গত দুই বছরে আমদানি-রপ্তানির মাধ্যমে কেউ বিদেশে টাকা পাচার করেছেন, এমন কাউকে তাঁরা খুঁজে বের করতে পারেনি।
২০২০-২১ অর্থবছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছিলেন, ‘আন্ডার–ইনভয়েসিং, ওভার–ইনভয়েসিং ও ভুয়া বিনিয়োগের মাধ্যমে অর্থ পাচার ও কর ফাঁকি রোধে প্রস্তাবিত বিধানটি অত্যন্ত ফলপ্রসূ হবে বলে আমি আশা করি।’ কিন্তু অর্থমন্ত্রীর ওই আশা গত দুই বছরে একদমই পূরণ হয়নি। কর কর্মকর্তারাও কাউকে খুঁজে বের করতে পারেননি। বিভিন্ন দপ্তর থেকে আমদানি–রপ্তানির তথ্য, কত অর্থ বিদেশে গেল–এল—এসব তথ্য নিয়ে কোনো করদাতার কর নথি যাচাই-বাছাই করা হয়নি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
গত ডিসেম্বর মাসে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ফিন্যান্সিয়াল ইন্টেগ্রিটি (জিএফআই) অর্থ পাচার নিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে বলেছে, আমদানি-রপ্তানি কার্যক্রমের মাধ্যমে মূল্য কম–বেশি দেখিয়ে ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত বাংলাদেশ থেকে ৪ হাজার ৯৬৫ কোটি মার্কিন ডলার পাচার হয়েছে। প্রতিবছর গড়ে ৭৫ হাজার কোটি টাকা করে পাচার হয়েছে। জিএফআই বলেছে, বাংলাদেশ থেকে যত পণ্য আমদানি-রপ্তানি হয়, তার মধ্যে ১৭ দশমিক ৩ শতাংশের মূল্য ঘোষণায় গরমিল থাকে।
বর্তমান শেয়ারবাজারে বিনিয়োগ ও জমি-ফ্ল্যাট ক্রয় করে কিংবা নগদ টাকা নির্দিষ্ট পরিমাণ কর দিয়ে সাদা করার সুযোগ আছে। এভাবে কালোটাকা সাদা করার সুযোগ শেষ হয়ে যাচ্ছে আগামী ৩০ জুন। ফ্ল্যাট ও জমিতে আয়তন ও এলাকাভেদে নির্দিষ্ট পরিমাণ কর দিলেই কর কর্মকর্তারা টাকার উৎস সম্পর্কে জানতে চান না। এ ছাড়া সঞ্চয়পত্র ও নানা ধরনের আমানতের ওপর ২৫ শতাংশ কর ও করের ওপর ৫ শতাংশ জরিমানা দিয়ে কালোটাকা সাদা করার সুযোগ আছে।
কিন্তু করহার বেশি হওয়ায় এ সুযোগও কেউ নিচ্ছেন না। অবশ্য কালোটাকা সাদা করার সুযোগে কখনোই সংশ্লিষ্ট ব্যক্তিদের তেমন আগ্রহ দেখা যায়নি। অবশ্য ২০০৭ ও ২০০৮ সালে ভয়ভীতির মুখে সবচেয়ে বেশি প্রায় ৩২ হাজার ব্যক্তি কালোটাকা সাদা করেছিলেন। গতবারও ঢালাও সুযোগে করহার থাকায় প্রায় ১২ হাজার ব্যক্তি কালোটাকা সাদা করেছেন।
এনবিআরের সর্বশেষ হিসাব অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে (জুলাই–মার্চ) সব মিলিয়ে ২ হাজার ৫৮১ জন কালোটাকা সাদা করেছেন।