চাঁদপুর সদরসহ বিভিন্ন উপজেলায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ২২ জন ডিলার থাকলেও তাঁরা রমজান মাসে খোলা বাজারে পণ্য বিক্রি করছেন না।জানা গেছে, রোজা উপলক্ষে দেশের বিভাগীয় ও বিভিন্ন জেলা শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে নির্ধারিত মূল্যে বিক্রির জন্য চাঁদপুরের ডিলারদের নামেও টিসিবি চিনি, মসুর ডাল, ছোলা, সয়াবিন ও পাম তেল ও খেজুর বরাদ্দ করে। কিন্তু তাঁদের মধ্যে দু-একজন পণ্য তুললেও এখনো তা বিক্রি করতে দেখা যায়নি। অন্যরা নির্দিষ্ট সময়সীমার মধ্যে (২৪ জুন-৭ জুলাই) এসব পণ্য তোলেননি।যোগাযোগ করলে চাঁদপুর সদরের ডিলাররা প্রথম আলোকে জানান, ট্রাকে পণ্য পরিবহন ও গুদাম ভাড়া, শ্রমিকের মজুরি এবং আনুষঙ্গিক খরচ হিসাব করলে টিসিবির পণ্যে তাঁদের পোষায় না। এ ছাড়া বাজারের সঙ্গে টিসিবির পণ্যের মূল্যে ব্যবধানটা কম। সে জন্য তাঁরা টিসিবির পণ্য তোলেননি।জেলা বাজার কর্মকর্তা রেজাউল করিম জানান, এখন পর্যন্ত চাঁদপুর সদরের দুজন ও মতলব দক্ষিণের একজন ডিলার পণ্য তুলেছেন। তবে পণ্য বিক্রি করতে দেখা যায়নি। কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) চাঁদপুর জেলার সভাপতি জীবন কানাই চক্রবর্তী বলেন, ‘টিসিবির কার্যক্রমে আমরা মোটেও সন্তুষ্ট নই।’