নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি

চাপ সামলাতে সংসার খরচে চলছে কাটছাঁট

ঈদের পর নতুন করে নিত্যপণ্যের মূল্য বেড়ে যাওয়ায় মানুষের কষ্টের মাত্রা আরও বেড়েছে।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজধানীর হাতিরঝিল এলাকার পেঁয়াজু-পুরির ক্ষুদ্র ব্যবসায়ী আব্বাস উদ্দিন। ছোট এ ব্যবসা করেই পাঁচ সদস্যের পরিবার চালান। ঈদের আগেও প্রতিদিন এই ব্যবসা থেকে হাজার টাকা মুনাফা করতেন তিনি। আটা, ময়দা ও তেলের দাম বাড়ায় গত দুই সপ্তাহে তাঁর মুনাফা কমে ৭০০ টাকায় নেমেছে। বেচাকেনা না কমলেও লাভ কমে যাওয়ায় সংসার খরচে টান পড়েছে তাঁর।

গতকাল মঙ্গলবার দুপুরে তিনি প্রথম আলোকে বলেন, ‘রোজার মধ্যেও সপ্তাহে দু–তিন দিন মাছ খেতাম। মাসে দু-তিনবার মুরগির মাংসও রান্না হতো ঘরে। কিন্তু ঈদের পর ঘরে কোনো মাংস রান্না হয়নি। বাজারে বিভিন্ন পণ্যের দাম বাড়ায় সংসার চালাতে প্রতি মাসে তিন–চার হাজার টাকা ঋণ করতে হচ্ছে।’

সরকারি–বেসরকারি অংশীদারত্বের মাধ্যমে আনুষ্ঠানিক খাতে কর্মরত শ্রমজীবীদের জন্য রেশনিংয়ের ব্যবস্থা করা গেলে তাঁদের ওপর বাড়তি চাপ কিছুটা কমবে
সেলিম রায়হান, নির্বাহী পরিচালক, সানেম

মিরপুরের মোটরসাইকেলচালক জাহাঙ্গীর আলম বলেন, ‘আপনার কাছ থেকে ১০ টাকা বেশি চাইলে আপনি দিতে দ্বিধা করবেন। কিন্তু একমুঠ চাল কম খেলে কেউ কিছু বলতে পারবে না। এ রকম করে খরচ কমিয়ে খাওয়া না খাওয়ার মধ্য দিয়েই সংসার চলছে। গত দুই মাসে এক কেজি গরুর মাংস কিনেছি। এভাবে খাবারে কাটছাঁট করে বাড়তি পণ্যমূল্যের চাপ সামাল দিচ্ছি।’

তবে আব্বাস উদ্দিন ও জাহাঙ্গীর আলমের পরিবারের চেয়ে আরও খারাপ অবস্থায় পড়েছে অনেক নিম্ন ও নিম্নমধ্যবিত্ত পরিবার। ঈদের পর নিত্যপণ্যের আরেক দফা দাম বাড়ার ফলে চাপে পড়েছে এসব পরিবার। মগবাজার রেললাইনের পাশে জুতা সেলাইয়ের কাজ করা দেবদাসের সঙ্গে কথা বলেও সেই তথ্যই জানা গেল।

দেবদাস প্রথম আলোকে বলেন, ‘আমরা এখন দুই বেলা খাই। সকালে খেয়ে আসি আর রাতে বাসায় ফিরে খাই। দুপুরের খাবার বাদ দিয়েছি। আমার প্রতিদিনকার রোজগার ৪০০-৫০০ টাকা। অথচ দ্রব্যমূল্য এতটাই বেড়েছে যে শুধু ডাল-ভাত আর সবজি দিয়ে খেলেও এখন ৫ জনের পরিবারে দৈনিক ৩০০ টাকা লাগে। মাসে আমার আয় ১৫ হাজার টাকা। ঘরভাড়া ৮ হাজার ও অন্যান্য খরচ মিলিয়ে মাসিক ব্যয় ২০ হাজার টাকা। তাই সংসার চালাতে স্ত্রীকে বাসাবাড়ির কাজে যুক্ত করতে হয়েছে।’

আপনার কাছ থেকে ১০ টাকা বেশি চাইলে আপনি দিতে দ্বিধা করবেন। কিন্তু একমুঠ চাল কম খেলে কেউ কিছু বলতে পারবে না। এ রকম করে খরচ কমিয়ে খাওয়া না খাওয়ার মধ্য দিয়েই সংসার চলছে।
জাহাঙ্গীর আলম, মোটরসাইকেলচালক

গতকাল দিনভর রাজধানীর মিরপুর, রূপনগর, মেরুল বাড্ডা, রামপুরা, হাতিরঝিল ও মগবাজার এলাকার অন্তত ২০ জন নিম্ন, নিম্নমধ্যবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণির মানুষের সঙ্গে কথা হয় প্রথম আলোর একাধিক প্রতিবেদকের। তাঁদের সবাই জানিয়েছেন, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির চাপ সামাল দিতে সংসার খরচে কাটছাঁট করতে হচ্ছে প্রতিদিন। অনেকে খাওয়া কমিয়ে দিয়েছেন। আর অনেকের প্রতি মাসেই ধার করতে হচ্ছে।

ঈদের পরে নতুন করে যেসব পণ্যের দাম বেড়েছে, তার মধ্যে আছে চাল, ডাল, আটা-ময়দা, সয়াবিন তেল, বেকারি পণ্য, দুধ ও চিনির মতো নিত্যপ্রয়োজনীয় পণ্য। সেই হিসাবে ৫ জনের একটি পরিবারে যদি মাসে গড়পড়তা ৫ লিটার সয়াবিন তেল, ৪০ কেজি চাল, ৩ কেজি ডাল, ৪ কেজি চিনি, ৫ কেজি পেঁয়াজ, ৫ কেজি আটা, ১০ লিটার দুধ ও হাজারখানেক টাকার বেকারি পণ্য লাগে। এসব কিনতে এখন মাসিক খরচ বেড়েছে অন্তত এক হাজার টাকা। যেহেতু খাদ্যপণ্যের দাম অস্থিতিশীল, সে জন্য ক্ষেত্রবিশেষে এই খরচ কমবেশি হতে পারে।

তবে নিত্যপণ্যের দাম বাড়ার ফলে শুধু যে আব্বাস উদ্দিন ও দেবদাসের মতো নিম্ন ও নিম্নমধ্যবিত্তরা চাপে পড়েছে, তা নয়। সংসার চালাতে হিমশিম খাচ্ছে মধ্যবিত্তরাও। রাজধানীর মেরুল বাড্ডার ফার্নিচার ব্যবসায়ী শাহজাহান শিকদার বলেন, ‘সংসার চালাতে এত চাপ কখনো মনে হয়নি। ব্যবসা থেকে আয় এসেছে, সেভাবে ব্যয়ও করেছি। করোনার সময় থেকে খরচের হাত চাপানো শুরু করি, তা এখনো চলছে। এখন জিনিসপত্রের দাম এতটাই বেড়েছে, সর্বশেষ ঈদের দিন গরুর মাংস কিনেছিলাম। এরপর বাসার ফ্রিজ প্রায় ফাঁকা। দিনের বাজার দিনে করি। যেটুকু লাগে, সেটুকুই কিনি।’

এই এলাকার বাসিন্দা বেসরকারি একটি ব্যাংকের কর্মকর্তা ওহিউল ইসলামের বক্তব্যও প্রায় একই। তিনি প্রথম আলোকে বলেন, ‘ঈদের আগেও সংসার খরচ বাবদ আমার ব্যয় ছিল ৩৫ হাজার টাকা। এ মাসে দাম বাড়তে শুরু করায় মাসিক বাজার আগেই করে রেখেছি। সন্তানের দুধসহ অন্যান্য নিত্যপণ্যের দাম বাড়ায় আমার অতিরিক্ত খরচ হয়েছে পাঁচ-সাত হাজার টাকা।’

মেরুলে বসবাসরত সদ্য বিবাহিত বেসরকারি চাকরিজীবী হাবিবুর রহমান (ছদ্মনাম) অবশ্য এই সংকট উত্তরণে নানা অঙ্ক কষছেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘সংসারের খরচ মেটাতে পারব কি না, এই ভয়ে বিয়ের পরও ব্যাচেলর বাসায় থাকতে হচ্ছে। যেহেতু শ্বশুর-শাশুড়িকে দেখার জন্য আমার স্ত্রী প্রায় সেখানে যাতায়াত করেন। এখন ভাবছি, দুই পরিবার একসঙ্গে থাকলে উভয় সংসারের খরচ সাশ্রয়ী হবে।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক ও বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিংয়ের (সানেম) নির্বাহী পরিচালক সেলিম রায়হান বলেন, ‘এই পরিস্থিতিতে সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচি শক্তিশালী করার বিকল্প নেই। পাশাপাশি নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে তদারকি জোরদার করতে হবে। আমদানি করা খাদ্যপণ্যের ওপর থেকে শুল্ক প্রত্যাহার করে পণ্যমূল্য সবার ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে হবে।’

সেলিম রায়হান আরও বলেন, ‘চলমান সংকটে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগও জরুরি। যদিও আমাদের অনানুষ্ঠানিক খাতের কর্মরত লোকের সংখ্যা বেশি। তবে সরকারি–বেসরকারি অংশীদারত্বের মাধ্যমে আনুষ্ঠানিক খাতে কর্মরত শ্রমজীবীদের জন্য রেশনিংয়ের ব্যবস্থা করা গেলে তাঁদের ওপর বাড়তি চাপ কিছুটা কমবে।’