চাল রপ্তানি আরও ছয় মাসের জন্য নিষিদ্ধ

সুগন্ধি চালসহ সব ধরনের চাল রপ্তানি আরও ছয় মাসের জন্য নিষিদ্ধ করেছে সরকার। গতকাল বুধবার বাণিজ্য মন্ত্রণালয় থেকে এক আদেশ জারি করে এ নিষেধাজ্ঞার কথা জানানো হয়। আজ বৃহস্পতিবার থেকে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত তা কার্যকর থাকবে। ১৯৫০ সালের আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রণ আইনে দেওয়া ক্ষমতাবলে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়।আদেশে বলা হয়েছে, সরকার অভ্যন্তরীণ বাজারে চালের সরবরাহ বৃদ্ধি, বাজারমূল্য নিয়ন্ত্রণ এবং মূল্যের ঊর্ধ্বগতি ও দুষ্প্রাপ্যতা রোধ করার জন্য এ নিষেধাজ্ঞার মেয়াদ আরও ছয় মাসের জন্য বাড়ানো হয়েছে।চাল রপ্তানি বিষয়ে এর আগে জারি করা নিষেধাজ্ঞার মেয়াদ গতকাল শেষ হয়। দেশের বাজারে চালের সরবরাহ স্থিতিশীল রাখতে এই পদক্ষেপ নেয়া হয়েছে।