বাংলাদেশ স্মল টি গার্ডেন ওনার্স অ্যাসোসিয়েশন চা আমদানির ওপর সম্পূরক শুল্ক ২৫ শতাংশে নির্ধারণের দাবিতে গতকাল মঙ্গলবার পঞ্চগড়ে মানববন্ধন ও বিক্ষোভ করেছে। সংগঠনটি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দিয়েছে।
পঞ্চগড়-ঢাকা মহাসড়কের পাশে শহীদ মিনারের সামনে আয়োজিত কর্মসূচিতে পাঁচ শতাধিক ক্ষুদ্র চা-চাষি এবং বাগান ও কারখানার মালিক অংশ নেন। সংগঠনটির সাধারণ সম্পাদক আবদুল জব্বার এবং চা-চাষি ও বাগান-মালিকদের পক্ষে বসিরুল আলম প্রধান, আনোয়ার সাদাত, জাহাঙ্গীর আলম, আবদুস সালাম ও মতিয়ার রহমান বক্তব্য দেন।