শুল্ক ফাঁকির সন্দেহে দেশের ছয়টি ট্যানারির কাছে আমদানি তথ্য জানতে চেয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
প্রতিষ্ঠানগুলো হলো রিলায়েন্স ট্যানারি, বেঙ্গল লেদার, ঢাকা হাইড অ্যান্ড স্কিন, সামিনা ট্যানারি, আনোয়ার ট্যানারি ও ক্রিসেন্ট ট্যানারিজ।
২৬ অক্টোবর শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এসব প্রতিষ্ঠানকে চিঠি দিয়ে ২০১২-১৩ ও ২০১৩-১৪ অর্থবছরের যাবতীয় আমদানির তথ্য জানতে চেয়েছে। যত শিগগির সম্ভব এসব তথ্য দেওয়ার তাগিদ দেওয়া হয়েছে।
একজন শুল্ক কর্মকর্তা জানান, এসব ট্যানারিতে ব্যবহারের জন্য প্রতিবছর বিপুল পরিমাণ যন্ত্রাংশ ও কেমিক্যাল আমদানি করা হয়। এসব পণ্য আমদানিতে দীর্ঘদিন ধরেই শুল্ক ফাঁকি দেওয়ার অভিযোগ রয়েছে।