ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সতীপতি মৈত্রের বিদায় সংবর্ধনা আজ সোমবার ডিএসইর কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সতীপতি মৈত্র ২০০৯ সালের ২৪ ডিসেম্বর থেকে গত ৮ সেপ্টেম্বর পর্যন্ত এই পদে দায়িত্ব পালন করেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএসইর সভাপতি শাকিল রিজভী। এ সময় পরিচালনা পর্ষদের সদস্য ও ডিএসইর সদস্যরা উপস্থিত ছিলেন।বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে শাকিল রিজভী বলেন, সতীপতি মৈত্র দীর্ঘ দিন ধরে পুঁজিবাজারের উন্নয়নে কাজ করেছেন। সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করায় সতীপতিকে ধন্যবাদ জানান তিনি।শাকিল রিজভী বলেন, ‘সতীপতি পুঁজিবাজারের উন্নয়নে বিভিন্ন সময়োপযোগী আইন প্রণয়নের পাশাপাশি ডিএসইর সদস্য কোম্পানিগুলোর করপোরেটাইজেশনের ক্ষেত্রে বিশেষ অবদান রেখেছেন। তাঁর কর্মদক্ষতায় ডিএসই ও পুঁজিবাজার নতুন মাত্রা অর্জন করেছে।’এ সময় ডিএসইর পরিচালক ও সাবেক সভাপতি রকিবুর রহমান, পরিচালক আহমেদ রশিদ লালী, ডিএসইর ক্লাব সভাপতি এ এস শাহুদুল হক বুলবুল ও এম এ হাশেম বক্তব্য দেন।প্রসঙ্গত, গত ৮ সেপ্টেম্বর সতীপতি মৈত্র ব্যক্তিগত কারণ দেখিয়ে ডিএসইর সিইওর পদ থেকে পদত্যাগ করেন।ডিএসইর প্রকাশনা ও জনসংযোগ বিভাগের উপমহাব্যবস্থাপক মো. শফিকুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।