ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম (এআইএস) বিভাগের শিক্ষার্থীরা দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশে (আইসিএবি) চার্টার্ড অ্যাকাউন্টিংয়ে ভর্তির ক্ষেত্রে বিশেষ সুযোগ পাবেন। এ ব্যাপারে শিগগিরই ঢাবি ও আইসিএবির মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত শনিবার অনুষ্ঠিত ‘চার্টার্ড অ্যাকাউন্ট্যান্সি: ক্যারিয়ার এক্সিলেন্স’ শীর্ষক এক আলোচনা সভায় আইসিএবির সভাপতি কামরুল আবেদীন এ তথ্য জানান। এআইএস ও আইসিএবির যৌথভাবে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের (অ্যামচেম) সাবেক সভাপতি আফতাব-উল ইসলাম।
এতে আরও উপস্থিত ছিলেন আইসিএবির সহসভাপতি আদিব এইচ খান ও এম এইচ খসরু, পর্ষদ সদস্য এম ফরহাদ হোসেন ও মোস্তফা কামাল, ঢাবির অধ্যাপক মাহফুজুল হক ও মিজানুর রহমান এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) মোহাম্মদ মহিউদ্দীন আহমেদ, মেট লাইফ আলিকোর সিএফও আবদুল কাদের জোয়ারদার। বিজ্ঞপ্তি।