অব্যাহত দরপতনের প্রতিবাদে আজ বুধবার বিনিয়োগকারীরা ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সামনে বিক্ষোভ করেন। আজ দুপুর পৌনে একটার দিকে সূচক অনেকখানি নেমে গেলে বিনিয়োগকারীরা রাস্তায় নেমে আসেন। এ সময় তাঁরা অর্থমন্ত্রী, ডিএসইর প্রেসিডেন্ট ও বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে বিনিয়োগকারীরা এ বিক্ষোভ করেন। তবে মতিঝিল এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে অল্পসংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।সূচকের নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে আজও ডিএসইতে লেনদেনের শুরু হয়। দিনের লেনদেন শেষে সাধারণ মূল্যসূচক ৫৪.১৪ পয়েন্ট কমে ৬০৫৮.১২ পয়েন্টে দাঁড়িয়েছে।আজ হাতবদল হওয়া ২৫৭টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৬১টির প্রতিষ্ঠানের, কমেছে ১৮৭টির আর অপরিবর্তিত রয়েছে নয়টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।আজ লেনদেনে শীর্ষে থাকা ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে—ইউনাইটেড এয়ার, স্কয়ার ফার্মা, বেক্সিমকো, কেয়া কসমেটিকস, মালেক স্পিনিং, ফু ওয়াং ফুড, গ্রামীণফোন, লাফার্জ সুরমা সিমেন্ট, সিটি ব্যাংক ও এমআই সিমেন্ট।