দরপতনের প্রতিবাদে বিক্ষোভ

শেয়ারবাজারে অব্যাহত দরপতনের প্রতিবাদে আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সামনে বিক্ষোভ শুরু করেছেন বিনিয়োগকারীরা। বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে এ কর্মসূচি পালন করা হচ্ছে।প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ দুপুর ১২টা ২০ মিনিটে ডিএসইর সাধারণ মূল্যসূচক ১১১ পয়েন্ট পড়ে গেলে বিনিয়োগকারীরা ডিএসইর সামনে জড় হন। সাড়ে ১২টার দিকে বিক্ষোভ শুরু করেন তাঁরা। এ সময় তাঁরা বরাবরের মতো অর্থমন্ত্রী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, এসইসির চেয়ারম্যান ও ডিএসইর সভাপতির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। বিক্ষোভ চলাকালে অবশ্য ডিএসইর সামনের সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সেখানে পুলিশ মোতায়েন রয়েছে।