সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত মুষলধারে টানা বৃষ্টি হলেও দিনাজপুরের জনগণ গতকাল রোববার দিনভর কেনাকাটা করেছে। গ্রামের লোকজনও ছুটে এসেছে জেলা শহরের বিভিন্ন মার্কেট, বিপণিবিতান ও ফুটপাতের দোকানগুলোতে।
শহরের বাহাদুর বাজার উত্তরা সুপার মার্কেট, নিমতলা, মালদহপট্টি ও জেল রোডের ফুটপাতে দিনভর ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা গেছে। বরাবরের মতো এবারও নানা ধরনের শাড়ি, থ্রি পিস, পাঞ্জাবি, ফতোয়া, প্যান্ট, জুতা-স্যান্ডেল ও প্রসাধনী সামগ্রীরই কেনাবেচা বেশি হচ্ছে। পণ্যের সমাহারও বেশি হওয়ায় স্বচ্ছন্দে কেনাকাটা করা যাচ্ছে বলে জানান ক্রেতারা। বিক্রেতারা বলেন, ভারত ও পাকিস্তান থেকে শাড়ি ও থ্রি পিসসহ প্রচুর পোশাক এসেছে।
এদিকে শহরের মিষ্টি ও বেকারির দোকানগুলোতে হরেক রকমের মিষ্টি, ঘি, ডালডা ও লাচ্ছা সেমাইয়ের পসরা সাজানো হয়েছে। এসব পণ্যেরও বিক্রি শুরু হয়ে গেছে।