ধামইরহাটে খুচরা টাকার সংকট

নওগাঁর ধামইরহাট উপজেলার সর্বত্রই খুচরা এক টাকা কয়েনের সংকট দেখা দিয়েছে। যে কারণে ভাংতি টাকা নিয়ে দোকানি, ব্যবসায়ী ও যানবাহনের কন্ডাক্টরদের সঙ্গে হরহামেশা ক্রেতা-ভোক্তাদের বাগিবতণ্ডা হয়।পাড়ার চা-পান-সিগারেট ও মুদিখানা থেকে শুরু করে উপজেলা সদরসহ বিভিন্ন এলাকার হাটবাজারের দোকানপাট, হোটেল-রেস্তোরাঁ, পেট্রল ও ওষুধের দোকানে এক টাকার কয়েন বা মুদ্রার পরিবর্তে ক্রেতা-ভোক্তাদের হাতে একটি করে চকলেট ধরিয়ে দিতে দেখা যায়। অনেকেই চকলেট না নিয়ে খুচরা টাকা দাবি করেন। এতে তর্ক-বিতর্ক ও ঝগড়া শুরু হয়ে যায় দুই পক্ষের মধ্যে।এক চা-দোকানি জানান, খুচরা এক টাকার নোট বা কয়েনের সংকটের কারণে তাঁরা এখন ঠিকমতো বেচাকেনা করতে পারছেন না। বেকারিপণ্যের ব্যবসায়ী বাবু বলেন, ‘আমরা খুচরা টাকা না পেলে দিব কোথা থেকে?’