সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) নর্দার্ন পাওয়ার সলিউশনের ১৭৫ কোটি টাকা মূল্যের কনভার্টেবল বন্ডের অনুমোদন দিয়েছে। আজ বৃহস্পতিবার কমিশনের নিয়মিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে কমিশনের মুখপাত্র ও নির্বাহী পরিচালক সাইফুর রহমান এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।সাইফুর রহমান বলেন, পরিশোধিত মূলধন বাড়ানোর লক্ষ্যে প্রতিষ্ঠানটি ১৭ লাখ ৫০ হাজার বন্ড ইস্যু করে বাজার থেকে ১৭৫ কোটি টাকা সংগ্রহ করবে। এ ক্ষেত্রে প্রতিটি ইউনিটের দাম হবে এক হাজার টাকা। বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এই বন্ড ইস্যু করা হবে। এই বন্ডের মোট মেয়াদ সাড়ে চার বছর। প্রতিবছর ফান্ডটির ২৫ শতাংশ করে পরিশোধ হবে। প্রতিবছর বিনিয়োগকারীদের ১৮ শতাংশ সরল সুদ দেওয়া হবে। এ ছাড়া মেয়াদ শেষে মোট পাওনা পরিশোধের সময় আইপিওর দামে ফান্ডটির ৫০ শতাংশ সাধারণ শেয়ারে রূপান্তর হবে। তবে এ সময় আইপিও না এলে এটি নগদ অর্থে পরিশোধ করতে হবে।এ ছাড়া এসইসির অনুমতি সাপেক্ষে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের মধ্যে বন্ডটি হাতবদল করা যাবে।