
আসন্ন বাজেটে আমার প্রথম চাওয়া হলো, সংসারের নিত্যপ্রয়োজনীয় যেসব পণ্য লাগে, সেগুলোর দাম যেন না বাড়ে। এই বাজেটে নিত্যপণ্যের মূল্য যাতে সহনীয় থাকে, সেই ব্যবস্থা করা হোক। দ্রব্যের লাগামহীন দাম নিম্ন আয়ের মানুষকে কষ্টের মধ্যে ফেলেছে। এমনকি আমাদের মতো কর্মজীবীরাও এখন বেশ চাপে আছেন।
একজন কর্মজীবী নারী হিসেবে বলব, দেশের পরিবহনব্যবস্থা কীভাবে নিরাপদ ও নারীবান্ধব করা যায়, তা নিয়ে বাজেটে রূপরেখা থাকা উচিত। বাজেটে নারীদের জন্য স্যানিটারি ন্যাপকিনের মতো পণ্যের দাম সহনীয় করা হোক। সরকারের তরফ থেকে ন্যাপকিনের দাম কমিয়ে বা প্রয়োজনে বিনা মূল্যে তা দিয়ে সহায়তা করা হোক, যাতে গ্রামগঞ্জের নারীদের জন্যও এটি সহজলভ্য হয় এবং তার ব্যবহারে উৎসাহী হন।
নারীস্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় হলো, দেশব্যাপী বিশেষায়িত শৌচাগার তথা শৌচাগারের ব্যবস্থা করা। সরকারের এখনই তা নজরে আনা উচিত। ধরুন, আমাকে কাজের প্রয়োজনে ঢাকার বাইরে যেতে হলো। সেখানে সড়ক-মহাসড়ক তো বটেই, জেলা-উপজেলা শহরেও নারীদের জন্য পর্যাপ্ত শৌচাগারের ব্যবস্থা নেই। এমনকি ঢাকার মতো শহরেও শৌচাগারের ব্যবস্থাপনা যথেষ্ট নয়। এটা নারীদের জন্য খুবই অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। আমি ঠিক বুঝি না, এত গুরুত্বপূর্ণ বিষয় অথচ এগুলো কেন বাজেটে আলাদা করে ভাবা হয় না।
আরেকটি কথা বলব, আমি যখন একজন মা, তখন আমাকে পরিবার ও চাকরির পাশাপাশি সন্তানকেও সামলাতে হয়। এ জন্য কর্মস্থলে শিশু দিবাযত্ন কেন্দ্র নিশ্চিতে বাজেটে আরও গুরুত্ব দেওয়া প্রয়োজন। এ ছাড়া ব্যাংকার হিসেবে আমি মনে করি, বিদেশে টাকা পাচার ও ঋণখেলাপিদের মতো বিষয়ে সরকারের আরও কঠোর হওয়া উচিত। এটা নিয়ে বাজেটে কথাবার্তা হয়, তবে বিদ্যমান আইনের বাস্তবায়ন বেশ দুর্বল। এ সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে।
সামগ্রিকভাবে নারীর জীবনমান উন্নয়নে বাজেটে সরকারের সুস্পষ্ট রূপরেখা থাকা প্রয়োজন, যা নারীবান্ধব সমাজ গঠনে সহায়ক ভূমিকা পালন করবে।