বিশ্ব অর্থনীতি

নীতি সুদ বাড়িয়ে কাজ হচ্ছে না

এবারের মূল্যস্ফীতির মূল কারণ রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সৃষ্ট অচলাবস্থা, বাজারে অতিরিক্ত মুদ্রা সরবরাহ নয়।

২০২০ সালে সংকোচনের পর বিশ্বের প্রায় সব বড় অর্থনীতি ২০২১ সালে ঘুরে দাঁড়িয়েছিল। অধিকাংশ বৈশ্বিক গবেষণা সংস্থার পূর্বানুমান ছিল, ২০২২ সালে বিশ্ব অর্থনীতি কোভিডের ধাক্কা কাটিয়ে উঠতে পারবে। কিন্তু চলতি বছরের ফেব্রুয়ারি মাসে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ যেন বাড়া ভাতে ছাই ঢেলে দিল।

বিশ্ব অর্থনীতির এখন সবচেয়ে বড় মাথাব্যথার কারণ মূল্যস্ফীতি। গত বছরের জুলাই মাসে সারা বিশ্বই যখন বিধিনিষেধ থেকে বেরিয়ে এল, তখন থেকেই মূল্যস্ফীতি বাড়তে শুরু করে। কিন্তু যুদ্ধের কারণে মূল্যস্ফীতির সূচক যেন আকাশ ছুঁয়েছে। ভারতের স্টেট ব্যাংকের এক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, গত তিন মাসে সে দেশে মূল্যস্ফীতি যতটা মাথাচাড়া দিয়েছে, তার মধ্যে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব ৫৯ শতাংশ। আর অদূর ভবিষ্যতে মূল্যস্ফীতির হার স্বাভাবিক জায়গায় ফিরে আসার সম্ভাবনা কার্যত নেই।

নীতি সুদহার বৃদ্ধি মোটেও ঠিক হচ্ছে না। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ থাকলে ভালো, কিন্তু নীতি সুদহার বৃদ্ধি করে মূল্যস্ফীতির লাগাম টানা যাচ্ছে না।
কেন রোগোফ, সাবেক প্রধান অর্থনীতিবিদ, আইএমএফ

মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মতো উন্নত দেশে মূল্যস্ফীতির হার এখন তিন ও চার দশকের মধ্যে সর্বোচ্চ। এ অবস্থায় কেন্দ্রীয় ব্যাংক সাধারণত যা করে থাকে, এসব দেশের কেন্দ্রীয় ব্যাংকও তা–ই করছে। অর্থাৎ নীতি সুদহার বৃদ্ধি করা। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, ব্রাজিল, রাশিয়াসহ সব বড় দেশ নীতি সুদহার বৃদ্ধি করেছে।

যুদ্ধ, মূল্যস্ফীতি ও সুদ বৃদ্ধির জেরে বাজার হঠাৎই আবার অস্থির। বিভিন্ন মূল্যায়ন ও উপদেষ্টা সংস্থা বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমাচ্ছে। এ অবস্থায় দফায় দফায় নীতি সুদ বৃদ্ধি অর্থনৈতিক প্রবৃদ্ধিকে বেলাইন করে দেবে না তো? আন্তর্জাতিক বিভিন্ন সূত্রের মতে, যুদ্ধ এ বছরের শেষ পর্যন্তও গড়াতে পারে। সে ক্ষেত্রে ক্রমাগত সুদ বাড়িয়ে মূল্যস্ফীতি ঠিক কতটা বাগে আনা যাবে, এ নিয়ে চলছে চাপান–উতোর।

সাধারণত মুদ্রার মান পড়ে গেলে বা মূল্যস্ফীতি বেড়ে গেলে ব্যাংক সুদের হার বাড়ানো হয়। অর্থাৎ নতুন নোট না ছাপিয়ে বরং বিদ্যমান নোট যাতে ব্যাংকব্যবস্থা থেকে বিশেষ কারণ ছাড়া বাইরে চলে না যায়, তার জন্য সুদের হার বাড়ানো হয়। আর মূল্যস্ফীতি খুব বেশি বাড়লে ব্যাংক সুদের হার সমন্বয় করে বাজারে অর্থ সরবরাহ কিছু কমিয়ে দেওয়া হয়, যাতে অতি নিম্ন সুদের কারণে সাধারণ মানুষ ব্যাংক থেকে টাকা সরিয়ে ফেলার সুযোগ তেমন একটা না পায়, অর্থবানেরা টাকা পাচার না করে, যাতে অপবিনিয়োগ বা ফড়িয়াগিরি না বাড়ে। তাই কেন্দ্রীয় ব্যাংকের প্রমিত নীতি।

সরবরাহ ব্যবস্থাজনিত মূল্যস্ফীতি

এবারের মূল্যস্ফীতির মূল কারণ হলো, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সৃষ্ট অচলাবস্থা। একদিকে যুদ্ধের কারণে জ্বালানির দাম হু হু করে বাড়ছে, অন্যদিকে গম ও ভোজ্যতেলের মতো মৌলিক খাদ্যপণ্যের দাম বাড়ছে। বৈশ্বিক গমের চাহিদার ২৫ শতাংশ এবং সূর্যমুখী তেলের ৫৮ শতাংশ এই ২ দেশ থেকে আসে। যুদ্ধের কারণে এ বছর তাই খাদ্যমূল্য অবধারিতভাবেই বাড়বে। সেই সঙ্গে এ বছর গম ও ভোজ্যতেল উৎপাদন অনেকটাই কমবে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) পূর্বাভাস, এ বছর খাদ্যমূল্য ২০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে।

কোভিডের শুরু থেকেই বৈশ্বিক সরবরাহব্যবস্থা বিঘ্নিত হয়। সেই পরিস্থিতি অনেকটা কাটিয়ে উঠতে উঠতেই যুদ্ধ শুরু হয়ে যায়। আবার চীন এখনো শূন্য কোভিড নীতিতে চলছে। সে দেশের অনেক অঞ্চলে আবার কোভিডের প্রাদুর্ভাব দেখা যাওয়ায় বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

ফলে দেখা যাচ্ছে, এবারের এই মূল্যস্ফীতির কারণ বাজারে অতিরিক্ত মুদ্রা সরবরাহ নয়।

উন্নয়নশীল বা উদীয়মান দেশগুলোর অবস্থা সে রকম নয়। আবার গত কয়েক মাসে মুদ্রা হিসেবে মার্কিন ডলারের বিনিময় মূল্য অনেকটাই বেড়েছে। এতে উন্নয়নশীল দেশগুলোর আমদানি ব্যয় অনেকটা বেড়েছে। বাংলাদেশ এখন ঠিক এই সমস্যার মুখে পড়েছে।

নীতি সুদহার বৃদ্ধি সমাধান নয়

এই বাস্তবতায় বাজারে মুদ্রা সরবরাহ কমিয়ে তেমন একটা ফল পাওয়া যাবে না বলেই মনে করছেন বিশ্লেষকেরা। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সাবেক প্রধান অর্থনীতিবিদ কেন রোগোফ সম্প্রতি সিএনএনকে এ প্রসঙ্গে বলেন, নীতি সুদহার বৃদ্ধি মোটেও ঠিক হচ্ছে না। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ থাকলে ভালো, কিন্তু নীতি সুদহার বৃদ্ধি করে মূল্যস্ফীতির লাগাম টানা যাচ্ছে না।

কেন রোগোফ আরও বলেন, মূল্যস্ফীতি ৫ শতাংশে নামলেও তা নিয়ন্ত্রণের বাইরে আছে বলে ধরে নিতে হবে। ৩ শতাংশে নামতে হয়তো আরও কয়েক বছর লাগবে, ফেড হয়তো এভাবেই ব্যাখ্যা করবে। কিন্তু চীন যেভাবে একের পর এক সমস্যা তৈরি করেই যাচ্ছে, সেই বাস্তবতায় মূল্যস্ফীতিতে লাগাম টানা মোটেও সহজ কর্ম নয়; বরং নীতি সুদহার বৃদ্ধি করা হলে মন্দার শঙ্কা আরও ঘনীভূত হবে।

বিষয়টি হচ্ছে, মূল্যস্ফীতি বৃদ্ধির কারণে উন্নত দেশসহ সবখানেই মানুষ ব্যয় কমিয়েছে। সেই সঙ্গে এখন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে নীতি সুদহার বৃদ্ধির কারণে সমাজে অর্থের প্রবাহ আরও কমে যাচ্ছে। এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মতো উন্নত দেশের বিশ্লেষকেরা ইতিমধ্যে মন্দার আশঙ্কা করছেন। তাদের শঙ্কা, এ বছরের শেষ দুই ত্রৈমাসিকে ওসব দেশে জিডিপির সংকোচন হতে পারে।

বিশ্লেষকেরা মনে করেন, এ পরিস্থিতিতে নীতি সুদহার বৃদ্ধি না করে পণ্য সরবরাহ ব্যবস্থা ঠিক রাখা প্রয়োজন। সেই সঙ্গে শুল্ক হ্রাস, মজুতের স্বাভাবিকতা, উৎপাদন বাধা সরানো—এসবও করা প্রয়োজন বলে বিশ্লেষকেরা মনে করেন। অর্থাৎ ব্যাংকিংব্যবস্থার সঙ্গে সরবরাহ সরবরাহব্যবস্থার সমন্বয় করেই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে হবে।